আন্তর্জাতিক ডেস্ক :
তেলআবিব ও দুবাই রুটে ফ্লাইট স্থগিত রাখার মেয়াদ ২০২৭ সালের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত বাড়িয়েছে কানাডার এয়ার কানাডা। আঞ্চলিক অস্থিতিশীলতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইনটি।
এর আগে ২৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত এসব রুটে ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল এয়ার কানাডা। মঙ্গলবার নতুন করে মেয়াদ বাড়ানোর কথা জানানো হয়।
ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর গত ২ মার্চ প্রথমবার ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতে ফ্লাইট বন্ধ করে এয়ার কানাডা। ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার কয়েক দিনের মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এয়ার কানাডা জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে কানাডা সরকারও নাগরিকদের বিভিন্ন দেশে ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করেছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, জর্ডান ও ওমানের ক্ষেত্রে ‘অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার’ পরামর্শ দেওয়া হয়েছে।
ইসরায়েলেও অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কানাডা। পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ড, লেবানন ও সিরিয়ার সীমান্ত এলাকায় সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি দেশও ইসরায়েল ভ্রমণের বিষয়ে নিজ নিজ নাগরিকদের সতর্ক করেছে।
আন্তর্জাতিক ডেস্ক 
























