নিজস্ব প্রতিবেদক :
রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (০১ জুলাই) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে দীর্ঘ আলোচনা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দুই ঘণ্টাব্যাপী স্থায়ী কমিটির এ বৈঠক ফলপ্রসূ হয়েছে।
বিএনপি স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, দলীয় প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনে বিশেষ অধিবেশন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তফসিল ঘোষণার পর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশনের প্রয়োজন পড়লে স্পিকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্ব নেওয়া তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণের দাবি উঠেছিল অন্তর্বর্তী সরকারের সময়কাল থেকেই। অভ্যুত্থানের পক্ষের বিভিন্ন সংগঠনের আন্দোলনের মুখেও তিনি তাৎক্ষণিক পদত্যাগ না করলেও জানিয়েছিলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে তিনি দায়িত্ব ছেড়ে দেবেন।
বৈঠকের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, দলের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, তফসিল ঘোষণার পর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশনের প্রয়োজন পড়লে স্পিকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজকের বৈঠকে রাষ্ট্রপতির মনোনয়ন বিষয়ে আলোচনা, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, দলের বিভিন্ন বিষয় এবং আগামী দিনের কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জাতীয় কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) গয়েশ্বর চন্দ্র রায়, স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম সেলিমা রহমান এবং মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণমন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
নিজস্ব প্রতিবেদক 





















