নিজস্ব প্রতিবেদক :
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা অনেক সম্মান করি। আমি অনেকবার উনার বক্তৃতা শুনেছি এবং তিনি কথাগুলো অন্তর দিয়ে বলেন। এটা আমি দেখেছি। তিনি জনগণের ব্যক্তিত্ব, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জনগণের ব্যক্তিত্ব। আমার মনে হচ্ছে যখন এই দুই নেতা আলোচনা করবেন, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।
রোববার (৯ আগস্ট) রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) অভ্যন্তরে শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সমস্যা চিহ্নিত হয় যখন আমরা আলোচনা করি। আমার বিশ্বাস, মানুষ এক আছে, সমস্যার সমাধান হবেই। এখানে নেতিবাচক কিছু নেই, সব ইতিবাচকই হবে।
দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনবান্ধব ব্যক্তি। আমাদের প্রধানমন্ত্রীও জনবান্ধব ব্যক্তি। দুই দেশের প্রধান একসঙ্গে হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমার পুরো আত্মবিশ্বাস আছে। মানুষ এক আছে, সমাধান হবেই। কোনো নেতিবাচক বিষয় নেই, সব ইতিবাচক আছে।
বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের মানুষের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সরকারি পর্যায়েও বজায় রাখা প্রয়োজন।
বাংলাদেশে ভারতীয় ভিসার ব্যাপক চাহিদা রয়েছে জানিয়ে হাইকমিশনার বলেন, এই চাহিদা পূরণে ভিসা আবেদন কেন্দ্র বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ভিসা পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের খরচ কমানো এবং ভিসা দেওয়ার সক্ষমতা বাড়ানোর বিষয়েও কাজ করা হচ্ছে।
বাংলাদেশের মানুষের আচরণের প্রশংসা করে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের আচরণ খুবই ভালো। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক ভালো। এই সম্পর্ক সরকারি পর্যায়েও বজায় রাখতে হবে।’
তিনি আশা প্রকাশ করেন, জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতা দুই দেশের সরকারি পর্যায়ের সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলবে।
নিজস্ব প্রতিবেদক 






















