কক্সবাজার জেলা প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের আলোচিত মামলায় পারভেজ মো. আবুল কালাম নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু হানিফ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত পারভেজ মো. আবুল কালাম চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মেহের আলীর ছেলে।
রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ইফতেখার মাহমুদ জানান, ২০২৫ সালের ১৫ জুলাই রাতে চকরিয়া থানায় কর্মরত এক পুলিশ সদস্যের বাড়িতে হানা দেয় একজন চোর। এ সময় ওই গৃহবধূকে জিম্মি করে দুটি মুঠোফোন ও আড়াই হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় গৃহবধূ ও তার দুই শিশুসন্তান আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে ওই যুবক গৃহবধূকে রান্নাঘরে নিয়ে রামদা দেখিয়ে জিম্মি করে ধর্ষণ করে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা হয়। পুলিশ পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করে পারভেজকে শনাক্ত করে গ্রেপ্তার করে।
তিনি বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত পারভেজ মো. আবুল কালামকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি ২ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১০ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছে বাদীপক্ষ। তারা বলেন, এ ধরনের ঘটনা যেন আর কোনো পরিবারের সঙ্গে না ঘটে, সেটিই তাদের প্রত্যাশা। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে সমাজে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে কার্যকর বার্তা যাবে বলেও তারা আশাপ্রকাশ করেন।
কক্সবাজার জেলা প্রতিনিধি 






















