বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :
শেখ হাসিনা দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের এমপি বরকত উল্লাহ বুলু বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ ও অনিয়মের কারণে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর এ মজিদ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরকত উল্লাহ বুলু বলেন, ২০০১ সালে এহছানুল হক মিলনকে দিয়ে নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন বেগম খালেদা জিয়া; কিন্তু শেখ হাসিনা দীপু মনিকে দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। যাতে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ ও অনিয়মের কারণে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, একটি দেশের উন্নয়নের জন্য মানসম্মত ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বরকত উল্লাহ বুলু বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, তাদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে। শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, হাজীপুর এ মজিদ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ডা. আবু তাহের।
এছাড়াও সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি 






















