চট্টগ্রাম জেলা প্রতিনিধি :
চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগরের পাশের সাহারপাড় গ্রামের দুই বন্ধু মোটরসাইকেলে কক্সবাজার যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই বন্ধু হলেন- মাহি পাটোয়ার ও ফিরোজ আহমেদ তৌহিদ। কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের রহিমানগর বাজারসংলগ্ন সাহারপাড় গ্রামের ব্যবসায়ী মিজানুর রহমান পাটওয়ারীর ছেলে মাহি পাটওয়ারী এবং একই গ্রামের অটোরিকশাচালক মনির হোসেনের ছেলে ফিরোজ আহমেদ তৌহিদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বন্ধু কক্সবাজার ভ্রমণ শেষে মোটরসাইকেলে করে চাঁদপুরের বাড়ির দিকে ফিরছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে তাঁরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশের ঠাকুরদীঘি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ফিরোজ আহমেদ তৌহিদ নিহত হন। গুরুতর আহত মাহি পাটোয়ারীকে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, তৌহিদ ও মাহি মোটরসাইকেলে করে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। ভ্রমণ শেষে চাঁদপুরের বাড়িতে ফেরার পথেই ঠাকুরদিঘী এলাকায় তাদের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মিনিট্রাকটির সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর মিনিট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক ও হেলপার পালিয়ে যান। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মিনিট্রাক ও মোটরসাইকেলটি হেফাজতে নেয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে একজনকে নিহত অবস্থায় পাওয়া যায়। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে তিনিও মারা যান। দুর্ঘটনাকবলিত মিনিট্রাক ও মোটরসাইকেল হাইওয়ে থানা-পুলিশের হেফাজতে রয়েছে। তবে মিনিট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন।
ওসি আরও বলেন, নিহত দুই যুবকের পরিবারের কাছে খবর পৌঁছানো হয়েছে। স্বজনেরা থানায় এলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হবে।
চট্টগ্রাম জেলা প্রতিনিধি 















