জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুরে রাজিব বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার লাহেরী কান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- জামালপুর সদর উপজেলার বাইটকামারী এলাকার মৃত ইউনুস আলীর ছেলে মো. জালাল উদ্দীন (৬০), তুলসীপুর সেগুয়া এলাকার মৃত আতাহার আলীর ছেলে মো. মকবুল হোসেন (৬৫) এবং বাইটকামারী এলাকার মো. ফরিদুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (৪০)।
নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৮ বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহেরীকান্দা এলাকায় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে গিয়ে অটোরিকশার উপরে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ৪ জনের মরদেহ উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে, রাজিব পরিবহনের বাসের বেপরোয়া গতির কারণে এই এলাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটে থাকে বলে অভিযোগ স্থানীয়দের। বারবার দুর্ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের শাস্তির দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী দুর্ঘটনার পর থেকেই জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। সড়ক অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে রাত ১০টার দিকে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, খবর পাওয়ার সাথে সাথে তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। দুটো মরদেহ জামালপুর হাসপাতালে পাঠানো হয়েছে। দুটো মরদেহ ঘটনাস্থলে রয়েছে। বাসের ভেতরে আরও মরদেহ থাকতে পারে। সড়ক থেকে উল্টে পড়ে থাকা বাসটি সরানোর কাজ চলছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত বলা যাবে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব জানান, দুর্ঘটনায় একাধিক নিহত ও আরো অনেকেই আহত রয়েছেন। খবর পাওয়ার সাথে সাথে তারা ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সড়ক থেকে উল্টে পড়ে থাকা বাসটি সরানোর কাজ চলছে।
জামালপুর জেলা প্রতিনিধি 





















