জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুরের রশিদপুরে বহুল আলোচিত সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ তিনজনকে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামিরা উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জামালপুর সদর উপজেলার রশিদপুর ভাটিপাড়া এলাকার মৃত রুহুল আমিনের ছেলে মো. ছাত্তার আলী (৪০), কয়ড়ার পাড় এলাকার মৃত শামছুল হকের ছেলে মো. আব্দুল মালেক (৪২) এবং একই এলাকার মৃত নায়েব আলীর ছেলে মো. আনু (৩০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ অক্টোবর রাতে জামালপুর সদর উপজেলার রশিদপুর ভাটিপাড়া এলাকায় নিজ বাড়িতে একা ছিলেন ওই গৃহবধূ। রাত আনুমানিক ১১টার দিকে কয়েকজন ব্যক্তি তার বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করেন। পরে তারা তাকে ঘর থেকে বের করে পাশের একটি বাঁশঝাড়ের নিচে নিয়ে যান। সেখানে আসামিরা ওই নারীকে ঘিরে পাহারা দেন এবং এক আসামি তাকে ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে আসামিরা ঘটনাস্থল থেকে চলে যান। পরদিন ভুক্তভোগী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাক্ষীদের বিষয়টি জানান। পরে তাদের পরামর্শে তিনি থানায় মামলা করেন।
মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, মামলায় রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করেছে। আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে ধর্ষণের দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং অপহরণের দায়ে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই রায়ে বাদী সন্তুষ্ট।
জামালপুর জেলা প্রতিনিধি 























