নিজস্ব প্রতিবেদক :
ঢাকায় দুটি মেট্রোরেল প্রকল্পের ব্যয় দ্বিগুণের বেশি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ (উত্তর) প্রকল্পের মূল ব্যয় ৯৩ হাজার ৮০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ লাখ ১৩ হাজার ৯৮৯ কোটি টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাব দুটি বর্তমানে পরিকল্পনা কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এমআরটি লাইন-১ কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত পাতালপথে এবং নর্দ্দা থেকে পূর্বাচল পর্যন্ত উড়ালপথে নির্মাণের কথা রয়েছে। আর এমআরটি লাইন-৫ (উত্তর) সাভার থেকে গাবতলী, মিরপুর ও গুলশান হয়ে ভাটারা পর্যন্ত পাতাল ও উড়ালপথের সমন্বয়ে নির্মাণ করা হবে।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সূত্র বলছে, বিস্তারিত নকশায় পরিবর্তন, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি, টাকার অবমূল্যায়ন, প্রকল্প বাস্তবায়নে বিলম্ব ও বিভিন্ন কারিগরি পরিবর্তনের কারণে ব্যয় বেড়েছে।
২০১৯ সালে এমআরটি লাইন-১ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। সংশোধিত প্রস্তাবে তা বাড়িয়ে ১ লাখ ২০ হাজার ৭৯৪ কোটি টাকা করা হয়েছে। ৩১ কিলোমিটারের বেশি দীর্ঘ এ প্রকল্পে ২১টি স্টেশন নির্মাণের কথা রয়েছে। এতে প্রতি কিলোমিটারে ব্যয় দাঁড়াবে প্রায় ৩ হাজার ৮৬৬ কোটি টাকা।
অন্যদিকে, এমআরটি লাইন-৫ (উত্তর) প্রকল্পের মূল ব্যয় ছিল ৪১ হাজার ২৩৯ কোটি টাকা। সংশোধিত প্রস্তাবে তা বাড়িয়ে প্রায় ৯৩ হাজার ১৯১ কোটি টাকা করা হয়েছে। ২০ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্পে ১৪টি স্টেশন নির্মাণ করা হবে। প্রতি কিলোমিটারে ব্যয় দাঁড়াবে প্রায় ৪ হাজার ৬৬০ কোটি টাকা।
সংশোধিত প্রস্তাবে বলা হয়েছে, ২০১৯ সালে প্রাথমিক ব্যয় প্রাক্কলনের সময় প্রকল্পগুলোর বিস্তারিত নকশা হয়নি। পরে নকশা পরিবর্তন, মূল্যস্ফীতি, নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি ও টাকার অবমূল্যায়নের কারণে ব্যয় বেড়েছে। ২০১৯ সালে প্রতি ডলারের দাম ৮৪ টাকা ৫০ পয়সা ধরা হলেও ২০২৫ সালে তা প্রায় ১২২ টাকায় দাঁড়ায়।
এ ছাড়া কর-ভ্যাট, ভূমি অধিগ্রহণ, সেবা সংস্থার লাইন স্থানান্তর, পরামর্শক ব্যয় ও নির্মাণকালীন সুদও প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
তবে ব্যয় বৃদ্ধির পেছনে জাইকার ঋণের শর্ত ও দরপত্রে সীমিত প্রতিযোগিতার বিষয়টিও সামনে এসেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, জাপানি কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা সীমিত থাকায় প্রকল্প ব্যয় বেড়েছে। প্রকল্প দুটি বাস্তবায়নে অর্থায়ন করছে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা।
নিজস্ব প্রতিবেদক 























