নিজস্ব প্রতিবেদক :
ঢাকার মেট্রোরেলে চলমান ট্রেন ও স্টেশনগুলোতে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক এবং কলসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিইউবিটি লইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিইউএলএ) সাধারণ সম্পাদক আইনজীবী এইচ এম রাশিদুল ইসলাম জনস্বার্থে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বরাবর এই লিগ্যাল ডিমান্ড নোটিশ পাঠান।
ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক বরবরে পাঠানো এই নোটিশে দেশের প্রধান তিনটি মোবাইল অপারেটর—গ্রামীণফোন, বাংলালিংক এবং রবি আজিয়াটা (এয়ারটেল)-কে মেট্রোরেল এলাকায় মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো স্থাপনের অনুমতি ও অবকাঠামোগত সুবিধা দেওয়ার দাবি জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, বর্তমানে প্রতিদিন প্রায় চার লাখ যাত্রী মেট্রো রেলে যাতায়াত করছেন। তবে ট্রেন চলাকালীন এবং স্টেশনগুলোতে দুর্বল নেটওয়ার্কের কারণে যাত্রীরা জরুরি প্রয়োজনে কথা বলতে পারেন না কিংবা বারবার কল কেটে যায়। এতে প্রতিদিন হাজারো যাত্রী ভোগান্তির মুখে পড়ছেন।
নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং লিখিতভাবে নোটিসদাতাকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। এর ব্যত্যয় হলে জনস্বার্থে হাই কোর্টে রিট আবেদনসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিসে বলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 



















