নেত্রকোনা জেলা প্রতিনিধি :
নেত্রকোনায় সরকারের ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে সাদিয়া আক্তার (২২) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শহরের কুড়পাড় এলাকা থেকে তাকে আটক করে নেত্রকোনা মডেল থানা-পুলিশ। এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনা পৌর শহরের কুরপাড় থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সাদিয়া আক্তার নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি এনসিপির নেত্রকোনা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, আজ তাকে আদালতে পাঠানো হবে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, সাদিয়া আক্তার সরকারের ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে বেশ কিছু লোকের কাছ থেকে জনপ্রতি তিন হাজার টাকা করে নেন। এরমধ্যে কয়েকজনের এ বিষয়টি নিয়ে সন্দেহ হলে ওই নেত্রীকে আটকে রেখে সদর থানার পুলিশকে জানান। খবর পেয়ে নেত্রকোনা সদর মডেল থানার পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।
এনসিপির নেত্রকোনা জেলা কমিটির সদস্য সচিব ফাহিম রহমান খান পাঠান বলেন, বিষয়টি শুনেছি। তবে কেউ এ ধরনের অপরাধ করে থাকলে এর দায় সংগঠন নিবে না। এটি ওই ব্যক্তির ব্যক্তিগত দায়। সাদিয়া আক্তার যদি সত্যিই এ অপরাধের সঙ্গে জড়িত থাকেন, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে তারা জানতে পেরেছেন, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে সাদিয়া আক্তার জনপ্রতি তিন হাজার করে পাঁচজনের কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়েছেন। অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নেত্রকোনা জেলা প্রতিনিধি 
























