বিনোদন ডেস্ক :
বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান মুম্বইয়ের এক অনুষ্ঠানে হাজির হতেই তৈরি হল চরম রহস্য। উদ্বোধনের খবর ছাপিয়ে নেটপাড়ায় এখন শুধুই ভাইজানের শরীর নিয়ে কানাঘুষো। ক্যামেরার সামনে প্রিয় নায়ককের শারীরিক পরিবর্তন দেখে শুরু হয়েছে আলোচনা।
বলিউড সুলতানের এমন রূপ দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন তার অনুরাগীরা। অনেকেরই প্রশ্ন আসলেই কেমন আছেন সালমান খান? তিনি কি গুরুতর কোনো শারীরিক সমস্যায় ভুগছেন?
ঘটনার সূত্রপাত গত শুক্রবার রাতে। মুম্বাইয়ের ‘স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি’র (এসআরএ) দফতরে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান খান। সেখানে সংস্থার নতুন ‘ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার’-এর (আইটি সার্ভার রুম) আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। তবে উদ্বোধনের আনন্দ ছাপিয়ে অনুষ্ঠান শেষে ছড়িয়ে পড়া ভিডিওটিই এখন নেটপাড়ার মূল আলোচনার বিষয়।
ভিডিওটি ভাইরাল হতেই ভক্তদের নজরে আসে সালমানের শারীরিক পরিবর্তন। অনেকের মতে, অভিনেতার ওজন বেশ খানিকটা কমে গেছে এবং তাঁর চেহারায় চেনা সেই জৌলুস উধাও। একজন নেটিজেন উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, ‘সালমান খানের শরীর ঠিক আছে তো?’ আর একজনের মন্তব্য, ‘সালমানকে তো এখানে কোনও ভাবেই সালমানের মতো লাগছে না।’
আরেকজনের মন্তব্য, ‘চোখের দিকেই বোঝা যাচ্ছে তিনি খুব ক্লান্ত। আগের সেই প্রাণবন্ত উপস্থিতিটা যেন আর নেই।’ কেউ কেউ আবার তার হাঁটার ধরন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রিয় তারকার এমন অবস্থা দেখে অন্য এক নেটিজেন লিখেছেন, ‘তাকে অসুস্থ মনে হচ্ছে। ঈশ্বর তাকে সুস্থ রাখুন।’ আবার কারও মন্তব্য, ‘মনে হচ্ছে কোনও শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন।’ নিয়মিত শরীরচর্চা থেকে সালমান দূরে সরে গেছেন কি না, সেই প্রশ্ন তুলে একজন লিখেছেন, ‘সালমানকে দেখে মনে হচ্ছে, নিয়মিত শারীরচর্চা ছেড়ে দিয়েছেন তিনি। তার শরীর ঠিক আছে তো?’
তবে সমালোচনা ও উদ্বেগের পাশাপাশি অনেক অনুরাগীই সালমানের পক্ষেও কথা বলেছেন। তাদের মতে, বয়স বাড়ার বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিয়েছেন এই অভিনেতা। একজন মন্তব্য করেন, ‘অনেক তারকা বয়স লুকাতে বিভিন্ন উপায় অবলম্বন করেন। কিন্তু সালমান নিজের স্বাভাবিক রূপেই সবার সামনে এসেছেন, এটিই প্রশংসার দাবিদার।’
যদিও সালমান খান কিংবা তার টিমের পক্ষ থেকে স্বাস্থ্যগত কোনো জটিলতার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন মন্তব্য ও গুঞ্জনের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
এদিকে স্বাস্থ্য নিয়ে আলোচনা চললেও কাজ থেমে নেই সালমানের। তার নতুন সিনেমা ‘মাতৃভূমি’ নিয়ে বলিউডে চলছে জোর আলোচনা। জানা গেছে, ছবিটির নাম আগে ‘ব্যাটল অব গালওয়ান’ রাখা হয়েছিল। পরে গল্পে পরিবর্তন এনে নাম বদলানো হয়। পাশাপাশি চীন ও গালওয়ান উপত্যকার উল্লেখও চিত্রনাট্য থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে ছবিটির কিছু অংশের পুনঃশুটিং চলছে।
অপূর্ব লাখিয়া পরিচালিত এবং সালমা খানের প্রযোজনায় নির্মিত এই সিনেমায় একজন ভারতীয় সেনা কর্নেলের চরিত্রে অভিনয় করছেন সালমান খান। তার বিপরীতে রয়েছেন চিত্রাঙ্গদা সিং।
সম্প্রতি সিনেমাটি সেন্সর বোর্ডে আটকে গেছে বা নির্মাণ বন্ধ হয়ে গেছে-এমন গুঞ্জনও ছড়িয়ে পড়ে। তবে সালমান খান ফিল্মস এক বিবৃতিতে জানিয়েছে, সিনেমাটি এখনো সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়নি। তাই এটি আটকে যাওয়া বা বাতিল হওয়ার খবরের কোনো ভিত্তি নেই।
এ ছাড়া ২০২৭ সালের ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিতব্য ‘এসভিসি-৬৩’ সিনেমায় অভিনেত্রী নয়নতারার সঙ্গে দেখা যাবে সালমান খানকে। ছবিটি পরিচালনা করবেন বংশী পৈদিপল্লি। পাশাপাশি ‘রাজা শিবাজি’ সিনেমায় তার বিশেষ উপস্থিতিও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
সব মিলিয়ে ভাইরাল ভিডিও ঘিরে অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও, সালমান খানের স্বাস্থ্য নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ হয়নি। ফলে ভক্তরা এখন অভিনেতার পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট বক্তব্যের অপেক্ষায় রয়েছেন।
বিনোদন ডেস্ক 
























