নিজস্ব প্রতিবেদক :
ঢাকা-১৫ আসনের উন্নয়ন কর্মকাণ্ডে সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। জনগণের স্বার্থে রাজনৈতিক বিভেদ ভুলে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।
বুধবার (১ জুলাই) রাজধানীর মিরপুরে ঢাকা-১৫ আসনের নাগরিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন জনগণের সেবায় নিয়োজিত। ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্লিন ঢাকা গ্রিন ঢাকা গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
শফিকুল ইসলাম খান বলেন, ঢাকা-১৫ আসন আমার এলাকা এবং বিরোধী দলীয় নেতার এলাকা। এই এলাকার সব উন্নয়ন কর্মকাণ্ডের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে নিয়েছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সরকারি দল ও বিরোধী দল মিলেমিশে এলাকার জনগণের উন্নয়নে যা কিছু ভালো তাই করে যাব এবং দেশের উন্নয়নে একত্রে কাজ করব।
তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জনগণের সেবায় নিয়োজিত। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্লিন ঢাকা-গ্রিন ঢাকা গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রতিনিয়ত প্রতিদিন বাসা বাড়ির বর্জ্য অপসারণ ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম, খাল পুনরুদ্ধার করে খাল সংস্কার, ড্রেন সংস্কার, রাস্তাঘাট সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান ও বৃক্ষরোপণ অভিযানসহ সব কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ডিএনসিসি প্রশাসক স্থানীয় জনগণকে ডেঙ্গু প্রতিরোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, পানি ও গ্যাস সংকট নিরসন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সিটি করপোরেশনকে সহযোগিতা করার আহ্বান জানান।
ঢাকা-১৫ আসনে বাসাবাড়িতে তীব্র পানি ও গ্যাসের সংকট রয়েছে বলে জানিয়ে স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী জাতীয় সংসদে আমার কথা শুনেছেন এবং রেখেছেন। এরই আলোকে আজ ইতিহাসে প্রথমবারের মতো সরকারি দল ও বিরোধী দল আমরা একত্রে এলাকার সমস্যা সমাধানে মিলিত হয়েছি এবং জনগণের সহায়তায় আমরা সব সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ।

জামায়াতের আমির বলেন, এলাকায় তীব্র পানির সংকট রয়েছে, গ্যাসের সমস্যা ও কিশোর গ্যাং এর সমস্যাসহ বিভিন্ন সমস্যা রয়েছে । তবে এই সমস্যা আইন-শৃঙ্খলা বাহিনী এবং সরকারের একার পক্ষে সমাধান করা সম্ভব না । এই সমস্যা সমাধানে সরকারি দল ও বিরোধী দল মিলে জনগণের সহায়তায় সমাধান করা হবে। জনগণ যদি এগিয়ে না আসে, তাহলে কোনোদিনও এই সমস্যা সমাধান করা যাবে না।
এলাকার সব সমস্যা সমাধানে এলাকার জনগণকে সহায়তাসহ এলাকার প্রতিটি জনগণকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকারকে সহযোগিতা করার অনুরোধ জানান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা । জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এরকম একটি ব্যতিক্রমধর্মী ও জনকল্যাণমুখী মতবিনিময় সভা আয়োজন করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা স্বীকার করেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকারি ও বিরোধীদল ঐক্যবদ্ধভাবে ঢাকা-১৫ আসনের সব উন্নয়ন কার্যক্রমে অংশীদার হবো এবং জনগণকে সঙ্গে নিয়ে সব সমস্যার সমাধান করে উন্নত ঢাকা গড়ে তুলবো।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে এলাকার জনগণকে নিয়ে বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভায় এসেছি। তিনি এই এলাকার এমপি এবং ডিএনসিসি প্রশাসক এলাকার জনগণের সেবক। আমরা ঢাকা উত্তর সিটি করপোরেশনের পুরো টিমকে নিয়ে এসেছি জনগণের অভাব, অভিযোগ ও দুর্ভোগের কথা শুনতে। ডিএনসিসি প্রশাসক এখানকার জনগণের কথা শুনবেন এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে ঢাকা-১৫ আসনের সকল সমস্যা সমাধান করা হবে।
মতবিনিময় সভায় ওয়াসার এমডি, তিতাসের এমডি, উত্তর সিটি করপোরেশনের মুখ্য নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 

















