বগুড়া জেলা প্রতিনিধি :
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেন, জনগণই পুলিশকে আইনি ক্ষমতা দিয়েছে। জনগণের টাকায় পুলিশের বেতন হয়, সুতরাং পুলিশের কাজ হবে দেশের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য।
শনিবার (২৩ মে) বিকেলে বগুড়ার আদমদীঘি থানার নবনির্মিত ভবন উদ্বোধনের পর কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং এবং এক সুধী সমাবেশে তিনি এ সব কথা বলেন।
মো. আলী হোসেন ফকির বলেন, দেশের শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করাই পুলিশের মূল দায়িত্ব। জনগণের দেওয়া আইনি ক্ষমতা ও জনগণের করের টাকায় পরিচালিত হওয়ায় পুলিশকে জনগণের কল্যাণেই কাজ করতে হবে।
তিনি বলেন, কে কীভাবে পুলিশে এসেছে, তা দেখার দরকার নেই। দেশের শান্তিপ্রিয় মানুষকে নিরাপত্তা দেওয়া আমাদের মূল লক্ষ্য হওয়া উচিৎ। নিজেদের স্বার্থে সব সময় পুলিশকে অপবাদও দেওয়া যাবে না। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে জনগণের শৃঙ্খলা একান্ত দরকার।
আইজিপি বলেন, সরকারের পরিকল্পনা মতে আইনশৃঙ্খলার উন্নয়ন না হলে দেশে বিনিযোগ আসবে না। শিল্পকারখানারও উন্নয়ন হবে না। এতে বেকারত্ব বাড়বে। এ কারণে পুলিশ সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে কাজ করছে এবং এ কাজে জনগণের সহযোগিতা প্রয়োজন। সেই লক্ষ্যে পুলিশ সুষ্ঠু, সুন্দর, নিরাপদ পরিবেশ তৈরির জন্য কাজ করে যাচ্ছে। এ জন্য আমরা জনগনের সহযোগিতা চাই।
তিনি বলেন, বগুড়া থেকে আনুষ্ঠানিকভাবে কমিউনিটি পুলিশিং সমাবেশ শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে এটি দেশের গ্রামগঞ্জে ছড়িয়ে দেওয়া হবে। এর মাধ্যমে পুলিশ ও জনগণের সমন্বয়ে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা এপিবিএন হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) সাজ্জাদুর রহমান, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, বগুড়ার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিয়া সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম, আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ হোসেন, ওসি কামরুজ্জামান মিয়া, আদমদীঘি থানার কমিউনিটি পুলিশিং ও বিটপুলিশিংয়ের আহবায়ক আবু মোতালেব, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।
বগুড়া জেলা প্রতিনিধি 





















