নোয়াখালী জেলা প্রতিনিধি :
নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগের ২৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা না হলেও পুলিশের দাবি, তাদের মধ্যে নয়জন যুবলীগ এবং ১৫ জন ছাত্রলীগ নেতা রয়েছে।
শনিবার (৬ জুন) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম।
তিনি জানান, শুক্রবার (৫ জুন) রাতে উপজেলার এওজবালিয়া, কালাদরাপ ও নোয়াখালী পৌরসভা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার বাঁধেরহাট বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটি বড় ঝটিকা মিছিল বের করে। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় অংশগ্রহণকারীরা মব সন্ত্রাস ও চাঁদাবাজি বিরোধী বিভিন্ন স্লোগান দেন। মিছিল চলাকালে বাজার এলাকায় কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত থাকলেও মিছিলকারীর সংখ্যা বেশি হওয়ায় তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনাটি জেলায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
স্থানীয়দের ভাষ্যমতে, নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল করিম বাবুর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিকেলের কর্মসূচির আগে দুপুর থেকেই সংগঠনটির প্রায় হাজার খানেক নেতাকর্মী বাঁধেরহাট বাজার এলাকায় জড়ো হতে শুরু করেন।
ওসি তৌহিদুল ইসলাম আরও জানান, মিছিলের সম্ভাব্য তথ্য পাওয়ার পর আগেই বাঁধেরহাট বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছিল। নির্ধারিত স্থানে কর্মসূচি পালন করতে না পেরে পরে তারা বাজারের বাইরে মিছিল করে। ঘটনার পরপরই রাতভর অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রক্রিয়া চলছে।
নোয়াখালী জেলা প্রতিনিধি 























