জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুর সদর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একে এম সামিউল হক (২৭) নামে এক বিচারক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক আহত হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) ভোরে সদর উপজেলার লাহিড়িকান্দি বাজার এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত একে এম সামিউল হক জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সিভিল জজ। তিনি নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিছরাকান্দা এলাকার সাবেক পরিকল্পনা সচিব এ কে এম ফজলুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত বিচারক সোমবার দিবাগত রাত ২টার দিকে প্রাইভেটকারে করে ঢাকা লালমাটিয়া এলাকার থেকে জামালপুরের উদ্দেশ্যে বের হন। পরে ভোর ৪টার দিকে জামালপুর সদর উপজেলার লাহিড়ীকান্দা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাকের পেছনে বিচারক এ কে এম সামিউল হককে বহনকারী প্রাইভেটকারটি ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়। সামিউল হক ঘটনাস্থলেই নিহত হন এবং প্রাইভেটকারটির চালক ইদ্রিস আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে জামালপুর জেলা হাসপাতালে নিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করে।
স্থানীয় জহুরুল ইসলাম বলেন, রাতে ঢাকা থেকে রডবোঝাই ট্রাকটি জামালপুর আসার সময় ট্রাকের একটি চাকা ফুটো হয়ে গেলে চালক ও হেলপার ট্রাকটি সড়কের ওপর রেখে ঘুমিয়ে পড়েন। প্রাইভেটকারটি ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা দেয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
জামালপুর জেলা প্রতিনিধি 























