নেত্রকোনা জেলা প্রতিনিধি :
নেত্রকোনায় কেন্দুয়া ও মদন উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে কেন্দুয়া ও মদন উপজেলায় এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মদন উপজেলার জয়পাশা গ্রামের ইটভাটা শ্রমিক রাজীব মিয়া (২৫), কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দিগলি গ্রামের শামসুল হুদা (৫৫) এবং একই উপজেলার ডাউকি গ্রামের আশরাফুল ইসলাম (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে শামসুল হুদা মাছ ধরার উদ্দেশ্যে নিজ গ্রামের পাশের মোড়াইল বিলে যান। সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার সকালে সান্দিকোনা গ্রামের শ্মশানসংলগ্ন একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনিও বজ্রপাতে নিহত হয়েছেন।
এদিকে, বৃহস্পতিবার সকাল ৫টার দিকে মদন উপজেলার কাইটাল গ্রামের বাসিন্দা রাজিব বাড়ির পাশে মাছ ধরার জন্য ব্যবহৃত ‘বাইর’ তুলতে গিয়ে বজ্রপাতের শিকার হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি সোনালী মিয়ার ছেলে এবং পেশায় ইটভাটার শ্রমিক ছিলেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, বজ্রপাতে নিহত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বলেন, রাজিবের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নেত্রকোনা জেলা প্রতিনিধি 




















