মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :
সরকারি কর্মচারীদের দলীয় চিন্তার ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ আরও এগিয়ে যাবে। বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের আগের যেকোনো সময়ের তুলনায় আরও সক্রিয় ও আন্তরিক ভূমিকা পালন করতে হবে।
রোববার (১৪ জুন) সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, জনগণের টাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা চলে। আমার জনগণ যদি সেবা না পায় আর আপনারা নিশ্চিন্তে বসে কাজ করে যান, তা হবে না। এটি আমরা কেউ মেনে নেব না। জনগণের সেবা নিশ্চিত না করলে কেউ ছাড় পাবে না।
আফরোজা খানম রিতা বলেন, অনেক কষ্ট ও দীর্ঘ সংগ্রামের পর বিএনপি আজ মানুষের ভালোবাসা ও সমর্থনে ক্ষমতায় এসেছে। আমি জানি এখানে অনেকেই ভিন্ন মতাদর্শের হতে পারেন। কিন্তু আপনারা সরকারি কর্মকর্তা-কর্মচারী। যে সরকারই ক্ষমতায় আসুক, আপনারা রাষ্ট্রের কর্মচারী হিসেবে সেই সরকারের নীতিমালা বাস্তবায়নে কাজ করবেন।
তিনি বলেন, বিগত সরকার কী করেছে বা আপনাদের কী সুবিধা দিয়েছে, তা বিবেচনা করে যদি বর্তমান সরকারের কাজ বাধাগ্রস্ত করেন, তাহলে জনগণ তা মেনে নেবে না। জনগণ যখন ক্ষুব্ধ হয়ে আপনার অফিস ঘেরাও করবে, তখন পরিস্থিতি সামাল দেবেন কীভাবে? তাই আপনারা নিজেদের মর্যাদা ও সম্মানের জায়গায় থেকে দেশের জন্য কাজ করুন। আমরা চাই যে কোনো মূল্যে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে।
মাদককে সমাজের অন্যতম বড় হুমকি উল্লেখ করে বিমানমন্ত্রী বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়, এর বিরুদ্ধে সামাজিক আন্দোলনও গড়ে তুলতে হবে। দল-মত নির্বিশেষে সবাইকে এ আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
আফরোজা খানম বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থান নিতে হবে। একই সঙ্গে শিশু-কিশোরদের সুস্থ বিকাশ ও বিনোদনের সুযোগ নিশ্চিত করতে জেলার খেলার মাঠগুলো সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের প্রতি নির্দেশনা দেন।
তিনি বলেন, দেশের মানুষ বর্তমান সরকারের ওপর আস্থা ও ভালোবাসা রেখেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সেই আস্থার প্রতিফলন ঘটাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারিত্ব, সততা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম, জেলা সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌসীসহ জেলার সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি 






















