চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রাঘাতে তিন নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শিবগঞ্জ উপজেলাতেই মারা গেছেন তিনজন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বৃষ্টির সময় বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়। সংশ্লিষ্ট থানার ওসিরা এ তথ্য নিশ্চিত করেছেন।
বজ্রপাতে মৃতরা হলেন সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার মো. রাব্বিলের ছেলে আব্দুল্লাহ, শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের আব্দুর রবের স্ত্রী মাহমুদা আক্তার, রানীবাড়ী চাঁদপুর এলাকার আবুল কাশেমের মেয়ে সাদিয়া খাতুন, মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়ার ফিটু আলীর ছেলে মেসবাউল, নাচোল উপজেলার ফতেপুর লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম এবং নিজামপুরের হাসান আলী।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, শিবগঞ্জে বাড়ির পাশের আমবাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে তিনজন মারা গেছেন।
শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, নিহত তিনজনের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানান, সদর উপজেলার আতাহার এলাকায় বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন আব্দুল্লাহ। পরে স্থানীয়রা আব্দুল্লাহকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে নাচোল উপজেলার লাহাবাড়ি এলাকায় মাঠে ঘাস কাটার পর বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান সুমিয়ারা বেগম। এছাড়া একই সময়ে নাচোল উপজেলা নিজামপুর এলাকায় আম কুড়াতে গিয়ে হাসান আলি নামের এক ব্যক্তির মৃত্যু হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 























