গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শাহিদ মাতুব্বর (৩২) নামে এক যুবকের প্রাণ গেল। এ ঘটনায় আরো দুজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শাহিদ মাদবর (৩২)। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার উত্তর কান্দি গ্রামের রুস্তম মাদবরের ছেলে। আহতরা হলেন একই উপজেলার দফা গ্রামের মো. আলী ফকিরের ছেলে মো. এমদাদুল ফকির (৩২) এবং সালথা উপজেলার ইউসুফদিয়া গ্রামের নুরু মোল্লার ছেলে সেকেন্দার মোল্লা (৩২)।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, ভোরে পোনা বাসস্ট্যান্ড এলাকায় একটি দ্রুতগামী যানবাহন নছিমনকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। স্থানীয়রা সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাঁদের অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. আমিনুল ইসলাম জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি 























