নিজস্ব প্রতিবেদক :
‘হাম, ডেঙ্গুসহ কয়েকটি রোগ একসঙ্গে সামলাতে হচ্ছে। এতে সরকার উদ্বিগ্ন নয়। পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা চলছে।’ বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল পৌনে ১০টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অডিটোরিয়ামে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, একসময় কলেরায় হাজার-হাজার মানুষ মারা যেত। নানা উদ্যোগে তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে কলেরা নির্মূলের লক্ষ্যমাত্রা নিয়ে সরকার মুখে খাওয়ার টিকার ক্যাম্পেইন শুরু করেছে। এক বছর বয়সের বেশি সবাইকে এ টিকার আওতায় আনার লক্ষ্য ঠিক করেছে সরকার।
তিনি বলেন, ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর ১৪ উপজেলায় প্রথম ডোজ দেয়া হবে। ১৪ দিনের ব্যবধানে দ্বিতীয় ডোজ দেয়া হবে ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিন এক বছরের বেশি বয়সী শিশুদের দেওয়া যাবে। দুই ডোজের মধ্যে কমপক্ষে দুই সপ্তাহ বিরতি দিতে হবে। এ ভ্যাকসিন নেয়ার পর অন্তত ৩ থেকে ৫ বছর কলেরা থেকে সুরক্ষা পাওয়া যেতে পারে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম ও ডেঙ্গুসহ কয়েকটি রোগ একসঙ্গে সামলাতে হচ্ছে। তবে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সিটি করপোরেশনের প্রচেষ্টায় এবার এখন পর্যন্ত ঢাকায় মশা বৃদ্ধির হার নিয়ন্ত্রণে আছে। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
দুই ডোজের এ কলেরার ওরাল ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন করে তিনি বলেন, এ টিকা এক বছরের বেশি বয়সী শিশুদের দেওয়া যাবে এবং দুই ডোজের মধ্যে অন্তত ২ সপ্তাহ বিরতি দিতে হবে। এ ভ্যাকসিন নেওয়ার পর অন্তত ৩ থেকে ৫ বছর কলেরা থেকে সুরক্ষা পাওয়া যেতে পারে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, কলেরা প্রতিরোধযোগ্য ও চিকিৎসাযোগ্য রোগ হলেও সময়মতো চিকিৎসা না হলে তীব্র ডায়রিয়া ও পানিশূন্যতার কারণে দ্রুত জীবনহানি ঘটতে পারে। নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনের পাশাপাশি ওরাল কলেরা ভ্যাকসিন (ওসিভি) কলেরা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, বাংলাদেশের ঘনবসতি, নগরায়ন, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশনের সীমাবদ্ধতা, মানুষের চলাচল এবং বিভিন্ন এলাকার বিশেষ ঝুঁকি বিবেচনায় নিয়ে সরকার targeted, evidence-based ও preventive approach গ্রহণ করেছে। রোগের বোঝা, পূর্ববর্তী টিকাদানের ইতিহাস, জনসংখ্যার ঘনত্ব ও সংক্রমণের আশঙ্কাসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে উচ্চঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তুত করা Multi-Year Plan of Action-এর আওতায় পর্যায়ক্রমে দেশের ১৪৪টি উচ্চঝুঁকিপূর্ণ উপজেলা ও থানায় এই প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
প্রথম পর্যায়ের ১৪টি অগ্রাধিকার এলাকার মধ্যে রয়েছে- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীরচর; ঢাকা উত্তর সিটি করপোরেশনের শের-ই-বাংলা নগর, খিলক্ষেত ও তেজগাঁও; মুন্সিগঞ্জ সদর, কিশোরগঞ্জের করিমগঞ্জ, হোসেনপুর ও তাড়াইল; নারায়ণগঞ্জ সদর এবং ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর।
দুই রাউন্ডে প্রায় ১ কোটি ৩ লাখ ৫০ হাজার ডোজ টিকা প্রয়োজন হবে জানিয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচিত এলাকার এক বছর ও তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠীকে নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে টিকা দেওয়া হবে। দুই ডোজের মধ্যে ন্যূনতম ১৪ দিনের ব্যবধান থাকবে।
ক্যাম্পেইনে VaxEPI প্ল্যাটফর্ম ব্যবহারের কথাও তুলে ধরেন তিনি। এর মাধ্যমে টিকা গ্রহণের তথ্য সংরক্ষণ, টিকাদানের আওতা পর্যবেক্ষণ, কর্মসূচির তদারকি এবং পরবর্তী মূল্যায়ন সহজ হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বৈশ্বিকভাবে ওরাল কলেরা ভ্যাকসিনের সরবরাহ সংকটের কারণে তিন বছরেরও বেশি সময় preventive cholera vaccination কার্যক্রম সীমিত ছিল। ২০২৬ সালে বৈশ্বিক সরবরাহ পরিস্থিতির উন্নতির পর WHO, Gavi ও UNICEF preventive campaign পুনরায় শুরু করার উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে বাংলাদেশকে প্রায় ১০ দশমিক ৩ মিলিয়ন ডোজ বরাদ্দের পরিকল্পনা করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, জাতীয় পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে ১ কোটি ৩ লাখ ৫২ হাজার ৫০০ ডোজ OCV সরবরাহে Gavi সহায়তা করছে। ভ্যাকসিনটি WHO pre-qualified এবং টিকা ও সংশ্লিষ্ট পরিচালন ব্যয়েও Gavi সহযোগিতা দিচ্ছে।
কলেরা প্রতিরোধে শুধু টিকার ওপর নির্ভর না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন ও পয়ঃনিষ্কাশন, সাবান দিয়ে হাত ধোয়া, নিরাপদ খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, দ্রুত রোগ শনাক্তকরণ এবং সময়মতো ORS ও চিকিৎসা নিশ্চিত করতে হবে।
স্বাস্থ্যকর্মী, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদ্দেশে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, কোনো যোগ্য ব্যক্তি যেন টিকাদানের আওতার বাইরে না থাকে। মসজিদ-মাদ্রাসা, স্কুল, কমিউনিটি সভা, মাইকিংসহ স্থানীয় যোগাযোগমাধ্যম ব্যবহার করে জনগণকে টিকা নিতে উদ্বুদ্ধ করতে হবে। একই সঙ্গে এই ক্যাম্পেইনের কারণে নিয়মিত EPI কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ভ্যাকসিন নিয়ে ভুল তথ্য, গুজব বা বিভ্রান্তি যেন মানুষের মধ্যে অনীহা তৈরি করতে না পারে, সে জন্য সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে হবে।
স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের vaccine safety, cold chain, accurate record keeping, AEFI management এবং respectful service delivery-সংক্রান্ত নির্ধারিত নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শেষে স্বাস্থ্যমন্ত্রী ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ সিটির প্রশাসক মো. আবদুস সালাম। আগামী ২২ আগস্ট নির্ধারিত এলাকায় প্রথম ও ২৬ সেপ্টেম্বর দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেনটেটিভ পিটার জর্জ এল মাইস, ডব্লিউএইচও’র প্রতিনিধি ডা. আহমেদ জামশীদ মোহামেদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. হাবিবুর রহমান খান, আইসিডিডিআর,বি-র সিনিয়র সায়েন্টিস্ট ড. ফিরদৌসী কাদরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান।
নিজস্ব প্রতিবেদক 


















