চট্টগ্রাম জেলা প্রতিনিধি
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালালির অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে একজনকে দুই মাস এবং অপরজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ভ্রাম্যমাণ আদালত-১২ অভিযান চালিয়ে এ কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের গ্রামের মাহাবুল আলমের ছেলে মো. রহিম (৪৬) এবং একই ইউনিয়নের তৈয়বিয়া পাড়া এলাকার মাহাবু আলমের ছেলে কায়সার আহমদ মুন্না (৩২)।
অন্যদিকে নগরের বায়েজিদ লিংক রোড এলাকায় পৃথক অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১২টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে একটি মোটরসাইকেলও আটক করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা বলেন, বিআরটিএ কার্যালয়ে দালালির মাধ্যমে সেবা নেওয়ার সুযোগ নেই। দালালচক্রের তৎপরতা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সড়ক পরিবহন আইন অমান্যকারীদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনসাধারণকে দালালের মাধ্যমে নয়, সরাসরি বিআরটিএর নির্ধারিত প্রক্রিয়ায় সেবা নেওয়ার অনুরোধ করছি।