নিজস্ব প্রতিবেদক :
দেশের বিভিন্ন স্থানে গত জুলাই মাসে অভিযান পরিচালনা করে ১০৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে ৬০ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, গত এক মাসে র্যাব দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১০৪টি অস্ত্র উদ্ধার এবং এ সংক্রান্তে ৬০ জন অভিযুক্তকে গ্রেফতার করে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ৬৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৩৯টি বিদেশী অস্ত্র উদ্ধার করা হয়।
ইন্তেখাব চৌধুরী বলেন, আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা, সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করা, অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ করা এবং অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে ভবিষ্যতে র্যাব আরও দৃঢ়ভাবে কার্যক্রম পরিচালনা করবে।
তিনি বলেন, জনগণের পাশে থেকে জনগণের সেবা করার জন্য আমরা সর্বদা নিজেদের নিয়োজিত রাখব বলে প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের পক্ষ থেকে এক্ষেত্রে সার্বিক সহযোগিতা কামনা করছি।
নিজস্ব প্রতিবেদক 





















