ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. রিবুল হোসেন (৪২) নামে এক ইউপি সচিব নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছেন।
সোমবার (২২ জুন) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার করিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সদরের ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব ও পাশের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গী গ্রামের বাসিন্দা। তিনি গত কয়েক মাস আগে বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়ন পরিষদ থেকে বদলি হয়ে ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
করিমপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে রিবুল হোসাইন মোটরসাইকেলে করে বোয়ালমারী থেকে ফরিদপুর সদরে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ঢাকা-খুলনা মহাসড়কে বোয়ালমারী থেকে আসা একটি সংযোগ সড়কে দিয়ে মহাসড়কে ওঠার সময় করিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। যশোর থেকে ছেড়ে আসা বরিশালগামী খান পরিবহনের একটি বাস ইউপি সচিবের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় বাসটি মোটরসাইকেলটিকে প্রায় ৩০-৪০ মিটার টেনেহিঁচড়ে নিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন রিবুল হোসাইন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় বাসের অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা সবাই আশঙ্কামুক্ত।
ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ রিপন হোসেন বলেন, সচিব রিবুল হোসাইন প্রতিদিন বোয়ালমারীর নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে অফিসে যাতায়াত করতেন। সোমবার সকালে অফিসে আসার পথেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, আঞ্চলিক সড়ক থেকে প্রধান সড়কে ওঠার সময় মোটরসাইকেলটিকে একটি যাত্রীবাহি বাস ধাক্কা দিলে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বাসটি মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। তবে বাসের কোনো যাত্রী আহত হয়নি। বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। মরদেহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
রিবুল হোসাইনের মৃত্যুতে পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে।
ফরিদপুর জেলা প্রতিনিধি 






















