টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী একটি নৌকা থেকে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত ৯ জনকে আটক করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক রয়েছেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।
শনিবার (৬ জুন) দুপুরে টেকনাফ কোস্ট গার্ড স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকিন সিদ্দিকী।
তিনি জানান, সমুদ্রপথে মানব পাচার প্রতিরোধে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত টেকনাফ উপকূলীয় সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী, স্টেশন টেকনাফ, শাহপরীর দ্বীপ আউটপোস্ট এবং বাহারছড়া আউটপোস্টের সদস্যরা।
অভিযান চলাকালে বাহারছড়া উপকূলের অদূরে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি নির্দেশনা অমান্য করে গভীর সমুদ্রের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে বোটটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নেওয়া ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং মানব পাচারের অভিযোগে ৯ জনকে আটক করা হয়।
উদ্ধার ব্যক্তিদের মধ্যে ১১ জন রোহিঙ্গা এবং বাকিরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফে নিয়ে আসে। পরে তাদের বিভিন্ন গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায় করা হতো। এরপর সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের পরিকল্পনা ছিল চক্রটির।
এ ছাড়া কয়েকজন ভুক্তভোগীকে দেশের বিভিন্ন স্থান থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, উদ্ধার করা ভুক্তভোগী, আটক মানবপাচারকারী এবং জব্দ করা বোটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মানবপাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 























