ফেনী জেলা প্রতিনিধি :
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় একটি ট্রাক্টরের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বুধবার (১ জুলাই) সকালে ছাগলনাইয়া-বক্সমাহমুদ আঞ্চলিক মহাসড়কের রৌশন ফকির মাজার (মাজার দুয়ার) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ছাগলনাইয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মোস্তফা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহত যাত্রীর নাম সাহাবুদ্দিন খোকন ওরফে খোকা (৫০)। তিনি ফুলগাজী উপজেলার দক্ষিণ ধর্মপুর নতুন পাড়ার (ইসলামিয়া বাজার এলাকা) ৩ নং ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাগলনাইয়া উপজেলার মহামায়ার উত্তর যশপুর সড়কের পাশে কৃষি জমি চাষ শেষে একটি ট্রাক্টর অসাবধানতাবশত আঞ্চলিক মহাসড়কে উঠছিল। এ সময় সেটি বক্সমাহমুদগামী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে সরাসরি চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সামছুদ্দিন যাত্রী খোকনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় নিহতের ছেলে ইফাদ হোসেনসহ বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ছাগলনাইয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মোস্তফা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেনী জেলা প্রতিনিধি 

















