স্পোর্টস ডেস্ক :
নির্বাচন ঘিরে রোববার (৭ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিবেশটা ছিল অন্যরকম। পরিবেশ যেমনই থাকুক না কেন, নির্বাচনের ফল ছিল অনেকটাই অনুমিত। বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে হয়েছেন বোর্ড পরিচালক।
৭৪ ভোটের মধ্যে ৭৩ ভোট পেয়ে বিসিবি সভাপতি হয়েছেন তামিম ইকবাল। ১৭তম বিসিবি সভাপতি হয়েছেন দেশের সাবেক অধিনায়ক। সহ-সভাপতি হয়েছেন ফাহিম সিনহা। তামিম ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে কাউন্সিলর হয়েছিলেন।
রোববার (৭ জুন) মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে প্রথমে পরিচালক পদে বিপুল ভোটে জেতেন তিনি। এরপর পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
বিসিবি পরিচালক হলেন যারা
ক্যাটাগরি-১
ঢাকা বিভাগ: সাইদ বিন জামান, এস এম আবদুল্লাহ আল ফুয়াদ
চট্টগ্রাম বিভাগ: মিনহাজুল আবেদীন, মঈন উদ্দিন চৌধুরী
খুলনা বিভাগ: শফিকুল আলম, শান্তনু ইসলাম
রাজশাহী বিভাগ: মীর শাকরুল আলম
রংপুর বিভাগ: মির্জা ফয়সল আমীন
সিলেট বিভাগ: আব্দুল কাইয়ুম চৌধুরী
বরিশাল বিভাগ: মিজানুর রহমান
ক্যাটাগরি -২
তামিম ইকবাল, মাসদুজ্জামান, ফাহিম সিনহা, আসিফ রব্বানী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম, সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানিম, সাঈদ ইব্রাহিম আহমেদ, সাকিফ আহমেদ।
ক্যাটাগরি -৩
সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।
তামিমদের অধীনে আজ অনুষ্ঠিত বিসিবি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আমেজ হারিয়েছে আগেই। ঈদের আগে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিন প্রার্থী। তখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৮ পরিচালক। চট্টগ্রাম ও ঢাকা থেকে ২ জন করে এবং রাজশাহী, রংপুর ও সিলেট থেকে ১ জন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন। চট্টগ্রাম থেকে হয়েছেন সাবেক বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। আর ক্যাটাগরি-৩ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত ও সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি বিসিবির বর্তমান সভাপতি তামিমের ফুফা।
২৫ জনের মধ্যে ২ জন আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) প্রতিনিধি হিসেবে। বাকি ২৩ জনের মধ্যে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আট জন হয়ে গেছেন। আজ ক্লাব ক্যাটেগরি থেকে হয়েছেন ১২ জন। বাকি তিন জন হয়েছেন খুলনা ও বরিশাল বিভাগ থেকে। মিজানুর রহমান বরিশাল বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন। তিনি বিপিএলের দল ফরচুন বরিশালের স্বত্বাধিকারী। খুলনা বিভাগ থেকে পরিচালক হয়েছেন শান্তনু ইসলাম ও শফিকুল আলম।
যেখানে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু। এরপর মাসুদুজ্জামান ৭০ এবং ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট।
আট মাসের মধ্যে দুইবার হচ্ছে বিসিবি নির্বাচন। গত বছরের অক্টোবরে আমিনুল ইসলাম বুলবুল হয়েছিলেন বিসিবি সভাপতি। সহসভাপতি হয়েছিলেন ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন। ৭ এপ্রিল বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর তামিমকে করা হয়েছিল অ্যাডহক কমিটির প্রধান। এবার তিনিই হলেন বিসিবি সভাপতি।
স্পোর্টস ডেস্ক 
























