নিজস্ব প্রতিবেদক :
কারিগরি ত্রুটিতে রোমে গ্রাউন্ডেড হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণ করেছে।
রোববার (৯ আগস্ট) বাংলাদেশ সময় বেলা ১২টা ৩০ মিনিটে ফ্লাইটটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে রোমের ফিউমিচিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় বিজি-৩০৬। উড়োজাহাজটির ত্রুটি মেরামতের জন্য বাংলাদেশ থেকে প্রকৌশলী দল ও প্রয়োজনীয় যন্ত্রাংশ পাঠানো হয়েছিল।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) কানাডার টরন্টো থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটের ২৫৯ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে ফ্লাইটটি। জ্বালানি নেওয়ার জন্য শুক্রবার ইতালির রোমে অবতরণের পর উড়োজাহাজটিতে কারিগরি সমস্যা ধরা পড়ে।
সমস্যা সমাধানে কয়েক ঘণ্টা চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে উড়োজাহাজটি সচল করা সম্ভব হয়নি। পরে ফ্লাইটটি গ্রাউন্ডেড করা হয়। উড়োজাহাজ থেকে যাত্রীদের নামিয়ে বিমানবন্দরের ভেতরে অপেক্ষার ব্যবস্থা করা হয়।
ইতালিতে প্রবেশের অনুমতি না থাকায় বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের জন্য পরিস্থিতি জটিল হয়ে ওঠে। বিমানবন্দরের একটি লাউঞ্জে তাদের রাখার ব্যবস্থা করা হলেও সেখানে সবার জায়গা হয়নি। ফলে অনেককে চেয়ারে ও মেঝেতে রাত কাটাতে হয় বলে অভিযোগ করেন যাত্রীরা।
দীর্ঘ সময় বিমানবন্দরে অবস্থান করতে গিয়ে শিশু ও বয়স্কদের পাশাপাশি অসুস্থ যাত্রীরাও দুর্ভোগে পড়েন। খাবার পেতে দেরি হওয়ার পাশাপাশি লাগেজে থাকা প্রয়োজনীয় ওষুধ ও ইনসুলিন সময়মতো ব্যবহার করতে না পারার অভিযোগও ওঠে।
পরিস্থিতি সামাল দিতে উড়োজাহাজটি মেরামতের জন্য ঢাকা থেকে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও প্রকৌশলী দল পাঠায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ সময় রাত সোয়া ১১টার দিকে প্রকৌশলী দলটি রোমে পৌঁছে মেরামতের কাজ শুরু করে। দীর্ঘ সময় কাজের পর উড়োজাহাজটি উড্ডয়নের উপযোগী করা হয়। এরপর আজ রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে বিজি-৩০৬।
নিজস্ব প্রতিবেদক 




















