কক্সবাজার জেলা প্রতিনিধি :
কক্সবাজারের দরিয়ানগর এলাকায় কালভার্ট নির্মাণের কাজ করার সময় পাহাড়ের মাটি ধসে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসার্চ সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বাঁশখালী চাম্বলী এলাকার মো. ইলিয়াছ (২৩) ও রাকিব (১৯)। আহত শ্রমিক শাহজাহানকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান লাকি এন্টারপ্রাইজের ম্যানেজার আব্দুর রহমান মজুমদার জানান, সকালে শ্রমিকরা কালভার্ট নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন। কাজ চলাকালে হঠাৎ পাশের মাটি ধসে পড়ে। এতে তিন শ্রমিক মাটিচাপা পড়েন। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা জানান যে দুই শ্রমিক মারা গেছেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল বলেন, ‘মাটিচাপা পড়ে গুরুতর অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুই শ্রমিক হাসপাতালে আনার আগেই মারা যান। তাদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ চাইলে মরদেহের ময়নাতদন্ত করা হবে।’
ঘটনার ব্যাপারে জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলী জানান, শহরতলীর দরিয়ানগর এলাকায় কালভার্ট নির্মাণ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।
কক্সবাজার জেলা প্রতিনিধি 























