নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি।
বুধবার (২৪ জুন) সকালে এসব ব্যক্তিদের সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
নওগাঁ-১৬ বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন ওই নয়জন ব্যক্তি।
এতে বলা হয়, আজ ভোর ৪টার দিকে নওগাঁর সাপাহার আদালতলা সীমান্ত চৌকি (বিওপি) এলাকার সীমান্ত পিলার ২৪৪/এমপি দিয়ে ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা নারী ও শিশুসহ নয়জনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করে। তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু রয়েছে।
খবর পেয়ে আদাতলা সীমান্ত চৌকির (বিওপি) বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দেয়। বর্তমানে ওই ৯ জন ভারত ও বাংলাদেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে স্থানীয়দের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।
নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, খবর পাওয়ার পর ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। তাঁদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর (পুশ ব্যাক) কার্যক্রম চলমান রয়েছে।
এর আগে গত ৫ জুন ও ৮ জুন নওগাঁর পোরশা ও সাপাহার সীমান্ত দিয়ে ৪০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।
নওগাঁ জেলা প্রতিনিধি 























