মিরসরাই (চট্টগ্রাম) উপজেলা প্রতিনিধি :
চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ের মাটি কাটতে গিয়ে ধসে পড়া মাটির নিচে চাপা পড়ে মো. সায়েম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেরামারা বড়থলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সায়েম চৌধুরী ফেনীর ছাগলনাইয়া নিজপানুয়া গ্রামের মৃত বশির মিয়ার ছেলে। এ ঘটনায় সোহেল রানা (৮) নামে আরেক শিশু আহত হয়েছে। সে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন।
খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা পর মাটির নিচে চাপা পড় লাশ উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ।
স্থানীয় বাসিন্দা, পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ঘেড়ামারা বড়থলি এলাকা বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে পড়েছে। সেখানে দীর্ঘদিন ধরে পাহাড় কেটে অবৈধ বসতি গড়ে উঠছে। সায়েমের পরিবারও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পাহাড়ের পাদদেশে বাঁশের বেড়া ও টিন দিয়ে একটি ছোট ঘর নির্মাণ করেছিল। সম্প্রতি ঘরটি সম্প্রসারণের জন্য পাশের পাহাড় কেটে ভিটা ভরাটের কাজ চলছিল।
নিহত সায়েমের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় দুই মাস আগে ফেনীর ছাগলনাইয়া উপজেলা থেকে মা সালেহা বেগমের সঙ্গে মিরসরাইয়ে আসেন। তার বড় দুই বোনের বিয়ে হয়েছে। সায়েমই বর্তমানে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। দিনে অটোরিকশার পাশাপাশি এলাকায় রাজমিস্ত্রির কাজ করে সংসার চালান। বুধবার সন্ধ্যায় অটোরিকশা চালিয়ে বাড়ি ফেরার পর রাতে সায়েম ঘরের পাশের পাহাড় থেকে মাটি কেটে বসতঘর মাটি দিয়ে ভরাট করছিল। এসময় সেখানে প্রতিবেশী কয়েকটি শিশু সেখানে খেলছিল। রাত আটটার দিকে হঠাৎ পাহাড়ের ওপরের অংশ ধসে পড়ে। এতে সায়েম ও প্রতিবেশী শিশু সোহেল রানা মাটিচাপা পড়ে। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার চালিয়ে প্রথমে শিশু সোহেল রানাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। পরে রাত ১০টার দিকে মাটির গভীর থেকে সায়েমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
যোগাযোগ করা হলে চট্টগ্রাম উত্তর বন বিভাগের করেরহাট রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মাহাদি হাসান বলেন, সংরক্ষিত বনাঞ্চলে পাহাড় কেটে ঘরের ভিটা তৈরির সময় এক কিশোরের মৃত্যুর খবর শুনেছেন। স্থানীয় কিছু প্রভাবশালীর মদদে সংরক্ষিত বনে বসতি গড়ে উঠছে। এসব এলাকায় অবৈধ বসতি স্থাপন ও পাহাড় কাটা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, মাটিচাপায় কিশোর নিহত হওয়ার ঘটনায় পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে ঘটনার বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মিরসরাই (চট্টগ্রাম) উপজেলা প্রতিনিধি 




















