রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
বর্তমান সরকার প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নতি করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার ইছাপুরা ও নগরপাড়া বালু সেতু পরিদর্শন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যেহেতু জনগণের ভোটে নির্বাচিত সরকার। তিনি চান সারা বাংলাদেশের যেন উন্নয়ন হয়।
হাবিবুর রশিদ হাবিব বলেন, কায়েতপাড়া ও নগরপাড়ার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ইছাপুরা ও নগরপাড়া বালু সেতু। একটি মহল এই সেতুর কাজটি বন্ধ করে রেখেছেন, যাতে করে রূপগঞ্জের উন্নয়ন না হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, সেতু দুটি চালু হলে এলাকার হাজারো মানুষের যাতায়াত সহজ হবে, সময়ের সঙ্গে ব্যয়ও কমবে। পাশাপাশি কৃষি ও ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে। এ ছাড়া ঢাকা থেকে রূপগঞ্জে আমরা অল্প সময়ে আসতে পারব। জনগণ এই সেতু ব্যবহার করে ঢাকা থেকে সিলেট যাবে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, বাশিরউদ্দিন বাচ্চু, অ্যাডভোকেট গোলজার হোসেনসহ আরো অনেকে।
রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 






















