শেরপুর জেলা প্রতিনিধি :
আসন্ন ফুটবল বিশ্বকাপ ২০২৬-কে কেন্দ্র করে বাংলাদেশে ফুটবলপ্রেমীদের উন্মাদনা নতুন রূপ নিতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় শেরপুরে এক আর্জেন্টিনা সমর্থক ১০ লিটার দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থক গোষ্ঠীতে যোগ দিয়েছেন। এই অভিনব ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক কৌতূহল ও হাস্যরসের সৃষ্টি করেছে।
সোমবার (৮ জুন) রাতে শেরপুর জেলা শহরের চাপাতলি এলাকায় এই ব্যতিক্রমী দলবদলের আয়োজন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর তা ফুটবলপ্রেমীদের মাঝে আলোচনার অন্যতম বিষয়ে পরিণত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিবু নামের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা ফুটবল দলের কট্টর সমর্থক ছিলেন। সোমবার রাতে ব্রাজিলে যোগ দেওয়ার এই আনুষ্ঠানিকতায় তিনি প্রতি লিটার ৮০ টাকা দরে কেনা মোট ১০ লিটার দুধ দিয়ে গোসল করেন। এরপর সবার সামনে আর্জেন্টিনার জার্সি খুলে ব্রাজিলের জার্সি গায়ে জড়িয়ে নেন।
এই দলবদল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বেশ কয়েকজন ব্রাজিল সমর্থক। তাঁরা নতুন এই সদস্যকে করতালি দিয়ে স্বাগত জানান।
আর্জেন্টিনা ছেড়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সমর্থক হওয়ার পেছনে নিজের যুক্তি তুলে ধরেছেন শিবু। তিনি বলেন, আমি মূলত লিওনেল মেসির কারণে দীর্ঘদিন ধরে আর্জেন্টিনাকে সমর্থন করে আসছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে এটাই মেসির শেষ বিশ্বকাপ হতে পারে। তা ছাড়া বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো তারকাখচিত ফুটবলারদের ছড়াছড়ি নেই। ফলে দলটির ওপর আমি আগের মতো ভরসা পাচ্ছি না।
নিজের নতুন প্রিয় দল সম্পর্কে তিনি বলেন, অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল সব সময়ই আমার ভালো লাগে। নেইমার আমার অন্যতম প্রিয় খেলোয়াড়। এসব দিক বিবেচনা করেই আমি এবার ব্রাজিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।
শিবুর এই ব্যতিক্রমী দলবদল নিয়ে তাঁর বন্ধু ও ব্রাজিল সমর্থক মো. আলিম বলেন, শিবু ভাই শুধু মেসির কারণে আর্জেন্টিনা করতেন। কিন্তু এবার দলটির ওপর আস্থা হারিয়ে ফেলায় তিনি ব্রাজিলের হলুদ শিবিরে যোগ দিয়েছেন। আমরা তাকে স্বাগত জানিয়েছি।
ব্রাজিলের আরেক সমর্থক মেহের খান অপু বলেন, বিশ্বকাপের আগে ফুটবল সমর্থকদের মধ্যে এ ধরনের আবেগ ও পরিবর্তন খুব একটা অস্বাভাবিক নয়। তিনি এখন আমাদের দলের অংশ। আমরা সবাই মিলে এবার ব্রাজিলের হেক্সা (ষষ্ঠ বিশ্বকাপ) জয়ের জন্য শুভকামনা জানাই।
বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার চিরবৈরী সমর্থক গোষ্ঠীর মধ্যে তর্ক-বিতর্ক ও নানা কাণ্ডকীর্তি নতুন কিছু নয়। তবে শেরপুরের এই অভিনব দলবদলের ঘটনাটি আসন্ন বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দেশের মাঠপর্যায়ের উন্মাদনাকে আরও একবার সামনে নিয়ে এসেছে।
শেরপুর জেলা প্রতিনিধি 






















