আন্তর্জাতিক ডেস্ক :
ইঞ্জিল বিকল হয়ে গেলে কি করণীয়, সে বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার সময় তাইওয়ানের একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দু’জন পাইলট নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানায়।
দেশটির দক্ষিণাঞ্চলের কাওশিয়ুংয়ের গাংশান বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। তাইওয়ানের বিমান বাহিনী জানিয়েছে, ‘টি-৩৪সি’ প্রশিক্ষণ বিমানটি একটি কৃত্রিম ইঞ্জিন বিকল পরিস্থিতি মোকাবিলার মহড়ায় অংশ নিয়েছিল। স্থানীয় সময় সকাল ৮টা ৮ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। এতে প্রাণ হারান লেফটেন্যান্ট কর্নেল কুও চুন-নান ও লেফটেন্যান্ট কর্নেল লু চি-ইউ।
কর্মকর্তারা জানান, এটি ছিল নিয়মিত দক্ষতা মূল্যায়নের অংশ। সামনের আসনে থাকা প্রশিক্ষক পাইলটের জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা যাচাই করা হচ্ছিল। পেছনের ককপিটে ছিলেন পরীক্ষক পাইলট।
দুর্ঘটনার আগে কোনো বিপদসংকেত বা যান্ত্রিক ত্রুটির বার্তা পাওয়া যায়নি। বিমানটি পুরো সময় নির্ধারিত প্রশিক্ষণ এলাকার মধ্যেই ছিল বলেও জানিয়েছে বিমান বাহিনী।
ঘটনার পর ‘টি-৩৪সি’ বহরের সব ধরনের প্রশিক্ষণ উড্ডয়ন স্থগিত করা হয়েছে। পাশাপাশি পুরো বহরের বিমানগুলোতে বিশেষ পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু লি-শিয়ুং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে নিহত দুই পাইলটের পরিবারের প্রতি প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহত দুই পাইলটই অভিজ্ঞ প্রশিক্ষক ছিলেন। ৪৬ বছর বয়সী কুওর উড্ডয়ন অভিজ্ঞতা ছিল ২ হাজার ১৭০ ঘণ্টার বেশি। আর ৪১ বছর বয়সী লু উড়েছেন ২ হাজার ১১৪ ঘণ্টা।
তবে দুর্ঘটনার আগে বিমানটির নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার কোনো চেষ্টা করা হয়েছিল কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি বিমান বাহিনী।
আন্তর্জাতিক ডেস্ক 























