নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
শনিবার (২ মে) নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এমন তথ্য সাংবাদিকদের জানান রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান।
তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১১টায় প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হন। নথিপত্র, প্রস্তাবক-সমর্থক এবং জোটের সমন্বয়কের স্বাক্ষর সঠিক থাকায় মনোনয়নপত্রটি বৈধ হিসেবে গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, এখন মনোনয়নপত্রটি চূড়ান্ত অনুমোদনের জন্য নির্বাচন কমিশনে উপস্থাপন করা হবে। কমিশনের অনুমোদন পেলে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।
মনোনয়ন বৈধ ঘোষণার পর নুসরাত তাবাসসুম জ্যোতি সাংবাদিকদের বলেন, গেজেট প্রকাশ ও শপথসহ কিছু দাপ্তরিক প্রক্রিয়া এখনো বাকি রয়েছে। তবে সংসদে থাকুন বা না থাকুন, তিনি দলের প্রতিনিধিত্ব ও নিজের রাজনৈতিক আদর্শ বজায় রাখবেন।
এর আগে গত ২১ এপ্রিল নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর উপস্থিত হওয়ায় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র গ্রহণ করেননি। পরে তিনি হাইকোর্ট-এ রিট দায়ের করলে ২৭ এপ্রিল আদালত মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী যাচাই-বাছাইয়ের নির্দেশ দেন।
আদালতের নির্দেশনার পর ২৯ এপ্রিল মনোনয়নপত্র গ্রহণ করা হয় এবং ২ মে যাচাই-বাছাইয়ের দিন নির্ধারণ করা হয়।
এদিকে এনসিপির আরেক প্রার্থী মনিরা শারমিনের প্রার্থিতা আইনি জটিলতার কারণে আগেই বাতিল হয়েছে।
তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গেছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনও কোনো লিখিত আদেশ নির্বাচন কমিশনের কাছে পৌঁছেনি।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মোট ৫০টি পদের মধ্যে গত ৩০ এপ্রিল ৪৯ জনের নামের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। সমসংখ্যক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বণ্টন অনুযায়ী বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াত জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে একজন নারী সদস্য নির্বাচিত হয়েছেন।
নিজস্ব প্রতিবেদক 













