সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জ সদর উপজেলায় শিয়ালকোলে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাঁকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে সদর উপজেলাট সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের শিয়ালকোল ইউনিয়নের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের গুতু রাজবংশীর ছেলে ঠাকুর হালদার (৭০) এবং কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের আলী আকতার ফকিরের ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক আশিক (৩৫)। আহত ব্যক্তি ঠাকুর হালদারের ছেলে বিষ্ণু হালদার।
নিহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোরে মাছ ধরার জাল নিয়ে বাড়ি থেকে বের হন ঠাকুর হালদার ও তার ছেলে বিষ্ণ হালদার। পরে তারা কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট থেকে একটি সিএনজিতে করে সিরাজগঞ্জ শহরের দিকে রওনা হন। পথে বটতলা এলাকায় পৌঁছালে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই চালক আশিক ও যাত্রী ঠাকুর হালদারের মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দারা আহত বিষ্ণ হালদারকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ বাড়িতে নিয়ে যান।
নিহত সিএনজিচালক আশিকের ভাতিজা ইসমাইল হোসেন বলেন, ভোরে সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হন আশিক। সকাল ৬টার দিকে খবর আসে দুর্ঘটনায় আহত হয়েছেন। ঘটনাস্থলে এসে দেখি তিনি মারা গেছেন। পরে মরদেহ নিয়ে আমরা বাড়ি চলে আসি।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতদের স্বজনেরা মরদেহ দুটি নিয়ে গেছেন। আহত বিষ্ণু হাওলদার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি 




















