নিজস্ব প্রতিবেদক :
২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
মঙ্গলবার (৫ মে) গণমাধ্যমে পাঠানো এসব দাবি জানিয়েছেন জামায়াতের আমির।
বিবৃতিতে তিনি বলেন, ওই দিনের ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন জরুরি। তিনি ঘটনাটিকে দেশের ইতিহাসে ‘বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়’ হিসেবে উল্লেখ করেন।
বিবৃতিতে ২০১৩ সালের শাপলা চত্বর অভিযানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেদিন ধর্মপ্রাণ মানুষের ওপর যে অভিযান পরিচালিত হয়েছিল, তা জাতির বিবেককে নাড়া দিয়েছিল। এ ধরনের ঘটনা মানবতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় পার হলেও এখনো এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার সম্পন্ন হয়নি, যা দুঃখজনক। ফলে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং জনমনে হতাশা ও ক্ষোভ বাড়ছে।
বিবৃতিতে বিচারহীনতার সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একটি সভ্য রাষ্ট্রে এমন পরিস্থিতি কাম্য নয়। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত এ অধিকার দমনে শক্তি প্রয়োগ গ্রহণযোগ্য হতে পারে না।
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সত্য উদঘাটন ও দায়ীদের আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বিবৃতির শেষাংশে দেশবাসীর প্রতি শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক 




















