স্পোর্টস ডেস্ক :
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার হাতেনাতেই পেলেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। নিজের গতি আর বাউন্সে অজি ব্যাটারদের বারবার চাপে ফেলা এই তরুণ পেসার এবার আইসিসির ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে বড় ধরনের উন্নতি করেছেন। ব্যাট হাতে আলো ছড়িয়ে উন্নতি করেছেন নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসানও।
বুধবার (১০ জুন) প্রকাশিত আইসিসির পুরুষ ক্রিকেটারদের সর্বশেষ সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে ২৩ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন নাহিদ। এর আগে নিউজিল্যান্ড সিরিজের পরেও র্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়েছিলেন বাংলাদেশের এই গতিতারকা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন নাহিদ। ১০ ওভার হাত ঘুরিয়ে ৪১ রান দিয়ে শিকার করেছেন ৪ উইকেট। জস ইংলিশ, অ্যালেক্স ক্যারি, লিয়াম স্কট ও ব্রাটলেটকে ফিরিয়ে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। চমকপ্রদ বিষয় হলো, তার নেওয়া চারটি উইকেটের প্রতিটি ডেলিভারির গতি ছিল ঘণ্টায় ১৪৬ কিলোমিটারের বেশি।
বাংলাদেশের অন্য বোলারদের মধ্যেও র্যাঙ্কিংয়ে পরিবর্তন এসেছে। মোস্তাফিজুর রহমান দুই ধাপ এগিয়ে এখন ৩৭ নম্বরে রয়েছেন। তাসকিন আহমেদ নিজের ৩২তম অবস্থান ধরে রেখেছেন। অন্যদিকে এক ধাপ পিছিয়ে ২৮ নম্বরে নেমে গেছেন শরিফুল ইসলাম। অধিনায়ক মেহেদী মিরাজের অবস্থান অষ্টম।
ব্যাটারদের র্যাঙ্কিংয়েও উন্নতির হাসি ফুটেছে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর মুখে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিফটির পর তামিম সাত ধাপ এগিয়ে ৩৩ নম্বরে উঠে এসেছেন। শান্তও দুই ধাপ এগিয়ে এখন ২৯তম স্থানে। তবে হৃদয়, লিটন ও সৌম্য এক ধাপ করে পিছিয়েছেন। সাইফ নেমেছেন দুই ধাপ, আর মিরাজ হারিয়েছেন তিন ধাপ।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও এক ধাপ পিছিয়ে চার নম্বরে নেমে গেছেন মিরাজ। তবে এই তালিকায় উন্নতি হয়েছে নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমানের। নাহিদ এগিয়েছেন ১৭ ধাপ, আর মোস্তাফিজ উন্নতি করেছেন তিন ধাপ।
ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেল। আর অলরাউন্ডারদের তালিকায় চূড়ায় আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই।
স্পোর্টস ডেস্ক 
























