মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :
দেশপ্রেম ছাড়া কোনো জাতি বা রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, দেশ ভালো থাকলে তবেই আমরা ভালো থাকব। একজন প্রকৃত দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকতে হবে। অন্যায়ের সঙ্গে কখনো আপস করা যাবে না, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
রোববার (২৬ জুলাই) দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে স্নাতক (প্রথম বর্ষ) শিক্ষার্থীদের নবীনবরণ এবং বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, দেশপ্রেম, সততা এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান এই তিনটি আদর্শ ধারণ করতে পারলে কখনো পথভ্রষ্ট হব না এবং দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে সক্ষম হবো।
তিনি বলেন, বিগত সময়ে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এখন দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ এসেছে। দেশপ্রেম, সততা এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান—এই তিনটি আদর্শ ধারণ করতে পারলে আমরা কখনো পথভ্রষ্ট হব না। একই সঙ্গে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে সক্ষম হব।
আফরোজা খানম রিতা বলেন, দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সততা, ন্যায়বোধ ও দায়িত্বশীলতার চর্চা তৈরি হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে ভালোবাসার শিক্ষা দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার আদর্শ তুলে ধরেছেন। আর প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণে সামাজিক, মানবিক ও জনবান্ধব রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করার দিকনির্দেশনা দিচ্ছেন।
শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের উদ্দেশে বিমানমন্ত্রী আফরোজা খানম বলেন, আপনারা যেভাবে আমার পাশে ছিলেন, যে অনুপ্রেরণা ও আন্তরিকতা নিয়ে পাশে দাঁড়িয়েছেন, আমি কখনোই তা ভুলব না। আপনাদের আস্থা ও বিশ্বাসের কারণেই প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রিত্বের দায়িত্ব দিয়েছেন। আপনাদের প্রতিটি দাবি পূরণের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।
অনুষ্ঠানে সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মাহফিল খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং জেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী কলেজ প্রাঙ্গণে শহীদ জিয়া, মুক্তিযোদ্ধা ও জুলাই স্মৃতি কর্নারের উদ্বোধন করেন। পরে তিনি কলেজ ক্যাম্পাসে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি 























