মৌলভীবাজার জেলা প্রতিনিধি :
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপির প্রতিশ্রুতি বিএনপির পরিকল্পনা, জনগণের পরিকল্পনা। এটি যারা ভেস্তে দিতে চায় তাদের সম্পর্কে জনগণকে সতর্ক থাকতে হবে। বিএনপির কিছু করা লাগবে না, জনগণ সতর্ক থাকলেই বিএনপির কাজ হয়ে যাবে। কারণ এই দেশের মালিক হচ্ছে জনগণ। মালিক যদি সতর্ক থাকে আর কারোর কোনো টেনশন থাকবে না।
বুধবার (১৭ জুন) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন এবং মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, জনগণকেও তাদের দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, সরকারের দায়িত্ব জনগণের জীবনমান উন্নয়ন করা, শিক্ষার ব্যবস্থা করা, নারীদের নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করা এবং মানুষের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলা। কিন্তু বাংলাদেশ শুধু কোনো সরকার, দল বা পরিবারকে নিয়ে নয়, বাংলাদেশ ২০ কোটি মানুষের বাংলাদেশ। দেশের ভাগ্যের পরিবর্তন হলে এই ২০ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।
তারেক রহমান বলেন, অতীতে যখনই দেশের অর্থনীতি, নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা স্থিতিশীলতার পথে এগিয়েছে, তখনই বিভিন্ন সময়ে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে। ১৭৩ দিন হরতাল হয়েছে, অবরোধ হয়েছে, ভাঙচুর হয়েছে। কিন্তু এখন দেশের মানুষ কাজ চায়, শান্তি চায় এবং ভালোভাবে বাঁচতে চায়।
তিনি বলেন, মনে আছে তো, এখানে অনেক মুরুব্বী আছেন। মনে আছে তো একাত্তরে কী করেছিল? মনে আছে তো ৮৬ তে কী করেছিল? মনে আছে তো, এর মধ্যে এক যুগ যে আন্দোলন চলেছিল, সেই আন্দোলনের তাদেরকে কোথাও আমরা কিন্তু দেখি নাই।
তিনি বলেন, অতীতে যেমন আমরা দেখেছি, বলেছিল বিএনপিকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেওয়া যাবে না, আজকে আবার দেখছি বিএনপির বিরুদ্ধে বিভিন্ন সময়ে যারা একত্রিত হয়ে আন্দোলন আন্দোলন খেলা খেলেছিল, বিএনপির বিরুদ্ধে একত্রিত হয়ে যারা আন্দোলন আন্দোলন ষড়যন্ত্র করেছিল গণতন্ত্রের বিরুদ্ধে, মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে, সেই তারা এখন আবার বলছে সরকারকে সময় দেওয়া যাবে না।
বর্তমান সরকার চার কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড, প্রায় ৩ কোটি কৃষকের কাছে কৃষক কার্ড, প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর কাছে পোশাক, ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি তুলে ধরেন সরকারপ্রধান।
বাজেট উপস্থাপনের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বাজেটে ৬০ পণ্যের ওপর থেকে কর বলতে গেলে তুলে নিয়েছে, যাতে জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে।
প্রধানমন্ত্রী বলেন, যারা বলে সরকারকে সময় দেওয়া যাবে না, তারা কী জনগণের পক্ষে কথা বলে, না বিপক্ষে কথা বলে? বিপক্ষে কথা বলে। যারা বলে সরকারকে সময় দেওয়া যাবে না, তারা কী জনগণের স্বার্থে কথা বলে, নাকি নিজেদের স্বার্থে কথা বলছে। তারা নিজেদের স্বার্থে কথা বলছে।
বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আজকে যদি শহীদদের তালিকা বের করা হয়, দেখা যাবে যে ছাত্রটি মারা গিয়েছে ছাত্রদলের কর্মী, যে ছাত্রটি গুম হয়েছে ছাত্রদলের কর্মী, যে যুবকটি মারা গিয়েছে যুবদলের কর্মী, যে যুবকটি গুম হয়েছে যুবদলের কর্মী। যেই মানুষটি বিনা কারণে জেলে খেটেছে, খুঁজলে দেখা যাবে সে বিএনপির কর্মী। যে মানুষ মিথ্যা মামলা মাথায় করে বয়ে বেড়িয়েছে বছরের পর বছর, খোঁজ করলে দেখা যাবে শহীদ জিয়া, খালেদা জিয়ার কর্মী।
১২ ফেব্রুয়ারি এয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রতি জনগণের রায়ের কথা তুলে ধরে দলে চেয়ারম্যান তারেক রহমান বলেন, মানুষ বিএনপিকে বলেছে, তোমরা দেশকে গড়ে তোলো, মানুষ বিএনপিকে বলে দিয়েছে, আগামী পাঁচ বছর তোমাদেরকে সময় দিলাম, দেশকে ঠিক করো তোমরা। স্বৈরাচার দেশকে খালি করে রেখে চলে গিয়েছিল।
বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের চার কোটি পরিবারের নারীদের কাছে ফ্যামিলি কার্ড, প্রায় তিন কোটি কৃষকের কাছে কৃষক কার্ড, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন পোশাক এবং ধর্মীয় ব্যক্তিদের জন্য সম্মানী পৌঁছে দিতে চায়। একই সঙ্গে খাল পুনঃখনন, বৃক্ষরোপণ এবং পরিবেশ উন্নয়নের উদ্যোগও নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে কর কমিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে দ্রব্যমূল্য রাখার চেষ্টা করা হচ্ছে।
বিরোধীদের সমালোচনা করে তারেক রহমান বলেন, যারা বলে সরকারকে সময় দেওয়া যাবে না, তারা জনগণের স্বার্থে নয়, নিজেদের স্বার্থে কথা বলে। কারণ এই সরকার জনগণের জন্য কাজ করছে, জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করতে চায়।
তিনি বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। আমাদের শক্তির উৎস জনগণ। জনগণই আমাদের সরকার গঠনের সুযোগ দিয়েছে। নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, নির্বাচনের ফলাফলের পর তা শুধু বিএনপির প্রতিশ্রুতি নয়, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রত্যাশায় পরিণত হয়েছে।
তারেক রহমান বলেন, জনগণ বিএনপিকে পাঁচ বছর দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। তাই জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া কিংবা সরকারকে কাজ করার সময় না দেওয়ার প্রচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।
অতীতের আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা আজ নানা কথা বলছে, তাদের অনেককে গণতন্ত্রের আন্দোলনে দেখা যায়নি। কিন্তু যারা শহীদ হয়েছে, যারা গুম হয়েছে, যারা জেল-জুলুম ও মিথ্যা মামলার শিকার হয়েছে, তাদের বড় অংশই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।
দেশ থেকে অর্থ পাচার রোধের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তারেক রহমান বলেন, অনেকে প্রশ্ন করে ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের টাকা কোথা থেকে আসবে। আমি পরিষ্কার করে বলতে চাই, জনগণের অর্থ আর বিদেশে পাচার হতে দেওয়া হবে না। দেশের অর্থ দেশের মানুষের কল্যাণেই ব্যবহার করা হবে।
তিনি বলেন, এই দেশ স্বাধীন করেছে বাংলাদেশের জনগণ। এই দেশকে স্বৈরাচারমুক্ত করেছে বাংলাদেশের জনগণ। কাজেই দেশকেও গড়ে তুলবে বাংলাদেশের জনগণই। আমাদের আগামী দিনের রাজনীতি হবে দেশ গড়ার রাজনীতি। দেশ ও দেশের মানুষকে ঘিরেই আমাদের সকল কর্মপরিকল্পনা হবে। সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ এই হোক আমাদের অঙ্গীকার।
মৌলভীবাজার জেলা প্রতিনিধি 




















