আন্তর্জাতিক ডেস্ক :
বাংলাদেশে অল্প কয়েকদিনের মধ্যে ২০টি রেল কোচ পাঠাবে ভারত। দেশটির পাঞ্চাবের রেল কোচ ফ্যাক্টরিতে (আরসিএএফ) এসব কোচ তৈরি করা হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে কোচগুলো রপ্তানির জন্য হস্তান্তর করবে। এরপর কোচগুলো আসবে বাংলাদেশে।
মঙ্গলবার (১১ আগস্ট) ভারতীয় রেলওয়ে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
২০২৪ সালে বাংলাদেশ ভারতের কাছ থেকে ২০০টি রেল কোচের অর্ডার করে। যেগুলোর ২০টি ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে।
সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এলএইচবি কোচগুলো নিরাপত্তা, কম খরচে রক্ষণাবেক্ষণ এবং উচ্চতর পরিচালন দক্ষতার জন্য পরিচিত।
২০ কোচের এই রেকটিতে থাকবে তিনটি এসি স্লিপার, তিনটি এসি চেয়ার কার এবং ১২টি নন-এসি চেয়ার কার। এরসঙ্গে থাকবে দুটি পাওয়ার কার।
এই কোচগুলোতে এমন কিছু ডিজাইন অন্তর্ভুক্ত ও মোডিফিকেশন করা হয়েছে যা আগে এলএইচবি কোচে দেখা যায়নি।
গত এপ্রিলে রেলমন্ত্রী শেখ রবিউল আলম সংসদকে ভারত থেকে ২০০ যাত্রীবাহী কোচ আমদানির কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে কোচগুলো বাংলাদেশে আসবে।
এরআগে ভারতের আরআইটিইএস বাংলাদেশে ১২০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ, ৩৬টি বিজি লোকোমোটিভ এবং ১০টি মিটারগেজ লোকোমোটিভ সরবরাহ করেছিল। এছাড়া বাংলাদেশের রেলওয়ের বিভিন্ন অবকাঠামোতেও সহযোগিতা করেছে তারা।
বাংলাদেশ রেলওয়ে বর্তমানে ব্রগগেজ কোচ এবং মিটারগেজ লোকোমোটিভ বা ইঞ্জিনের সংকটে ভুগছে। ভারত থেকে নতুন ২০টি ব্রডগেজ কোচ আসার পর এ সমস্যার কিছুটা সমাধান হতে পারে।
আন্তর্জাতিক ডেস্ক 
























