নিজস্ব প্রতিবেদক :
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদের কোনো বিশেষ অধিবেশন আহ্বান করা হচ্ছে না বলে জানিয়ে জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি বলেন, বিএনপির রাষ্ট্রপতি পদে প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে বিরোধী দল থেকেও রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়া হবে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, আমরা দলীয়ভাবে রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণার দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিয়েছি, তিনি রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা করবেন।
মনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলের ভেতরে ও স্থায়ী কমিটিতে আলোচনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দলের শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের সঙ্গে আরও কয়েক দফা বৈঠক হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই আমরা যোগ্য প্রার্থীর নাম যথাসময়ে দেশবাসীর সামনে তুলে ধরবো।
রাষ্ট্রের সর্বোচ্চ পদে কেমন প্রার্থীকে দেখা যেতে পারে-এমন প্রশ্নের জবাবে বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, বিএনপি সব সময় যোগ্য এবং সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিকে মূল্যায়ন করে। রাষ্ট্রের সর্বোচ্চ পদে এমন একজনকেই মনোনয়ন দেওয়া হবে, যিনি দলমতের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে পারবেন। এ বিষয়ে দলের চেয়ারম্যানের নির্দেশনাই চূড়ান্ত।
নুরুল ইসলাম মনি বলেন, গণমাধ্যমের উপস্থিতিতে সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা, সংসদের স্পিকারের ভোটগ্রহণের কার্যক্রম অনুষ্ঠিত হবে। ফলাফল না আসা পর্যন্ত সবার উপস্থিতিতে গণমাধ্যমে লাইভ টেলিকাস্ট করা হবে। সংসদ ভবনে ভোট হবে। ভোট হওয়ার ১ ঘণ্টার মধ্যে ফল ঘোষণা করা হবে।
তিনি বলেন, ৭০ অনুচ্ছেদের নিয়ম অনুযায়ী ভোট হবে। ভোটগ্রহণ হবে সংসদের মধ্যে। সংসদ সদস্যরা তাদের জাতীয় আসন নম্বর অনুযায়ী ভোট দেবেন। ফলাফলের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করা হবে।
চিফ হুইপ বলেন, দলের সিদ্ধান্তের বাইরে কেউ ভোট দিতে পারবেন না। কোনো সদস্য দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে বা দল থেকে পদত্যাগ করলে তাঁর সংসদ সদস্য পদ শূন্য হবে।
ব্রিফিংয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের প্রত্যাশা থাকলেও সরকার তা বাস্তবায়ন করছে না। এছাড়াও, বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত যাতে না হয়, সেজন্য ১১ দলীয় জোট প্রার্থী দিয়েছে।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট। আর ভোট গ্রহণ ২০ আগস্ট। সেদিন সংসদ অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ভোট চলবে।
প্রসঙ্গত, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি।
নিজস্ব প্রতিবেদক 



















