বিনোদন ডেস্ক :
ফের নতুন অতিথি আসার সুখবর দিলেন বলিউড দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং। দ্বিতীয়বারের মতো বাবা-মা হতে চলেছেন জনপ্রিয় তারকা জুটি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং।
রোববার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ে দুয়া পাডুকোন সিংয়ের একটি মিষ্টি ছবির মাধ্যমে দীপিকা তার দ্বিতীয়বার মা হওয়ার খবরটি ভক্তদের সাথে শেয়ার করেন। এই খবরে বলিপাড়া থেকে শুরু করে সাধারণ ভক্তদের মধ্যে বইছে আনন্দের ঢেউ।
দীপিকার শেয়ার করা ছবিতে দেখা যায়, ছোট মেয়ে দুয়া একটি প্রেগন্যান্সি টেস্ট কিট ধরে আছে, যাতে পজিটিভ ফলাফলের দুটি লাল দাগ স্পষ্ট। পাশে রণবীর ও দীপিকার হাতও দেখা যাচ্ছে। বড় বোন হতে যাওয়া দুয়ার এই ছবিটিই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। দীপিকা পোস্টের ক্যাপশনে কোনো দীর্ঘ বার্তা না লিখে শুধু ‘ইভিল আই’ ইমোজি ব্যবহার করেছেন।

এই সুখবর সামনে আসার পর থেকেই পরিণীতি চোপড়া, সামান্থা রুথ প্রভুর মতো তারকারা দম্পতিকে অভিনন্দন জানাচ্ছেন। ভক্তরাও কমেন্ট বক্সে ভালোবাসা উজাড় করে দিচ্ছেন।
অনেক ভক্ত মন্তব্যে লিখেছেন, এটি তাদের জন্য বছরের অন্যতম আনন্দের খবর। কেউ কেউ হার্ট ও ভালোবাসার ইমোজিতে ভরিয়ে দিয়েছেন পোস্টের কমেন্ট সেকশন। অনেকেই লিখছেন, দুয়া এবার খেলার জন্য নতুন সঙ্গী পেতে যাচ্ছে।
এর আগে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর এই দম্পতির কোলজুড়ে আসে তাদের প্রথম কন্যা সন্তান দুয়া। দীপিকা ও রণবীরের সম্পর্কের শুরু হয় ২০১৩ সালে ‘গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার সেটে। কয়েক বছর প্রেমের পর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। পেশাগত জীবনেও এই তারকা দম্পতি বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন।
এদিকে বছরটা দারুণ যাচ্ছে রণবীরের। ধুরন্ধর সিনেমা দিয়ে হারানো ক্যারিয়ার টেনে তুলেছেন। পায়ের তলার মাটি ফের মজবুত তার। দীপিকা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন স্বামীর এই সাফল্য। এরইমধ্যে তাদের ব্যক্তিজীবনে আসতে চলেছে আরও এক সুখের মুহূর্ত।
বিনোদন ডেস্ক 

























