নড়াইল জেলা প্রতিনিধি :
নড়াইল সদর উপজেলায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পুলিশ কর্মকর্তার মা ও অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
বুধবার (৩ জুন) সকাল ৯টার দিকে ঢাকা নড়াইল মহাসড়কের নড়াইল সদরের বাদশার গ্যারেজে কাছে পূর্ব বালিয়াডাঙ্গা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, যশোরের মাহিদিয়া গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৪৫) ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন (৩২)। আকবর লক্ষীপুরের পূর্বচককলাপোতা গ্রামের আ. হাশেমের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, পুলিশের এসআই আবু তাহেরের বাবা ইসমাইল হোসেন ভোরে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে মারা যান। অ্যাম্বুলেন্সে বাবার লাশ নিয়ে মা নুরজাহানসহ বাড়িতে ফিরছিলেন আবু তাহের। পথে তারা দুর্ঘটনায় পড়েন। মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি নড়াইল-কালনা মহাসড়কের বাদশার গ্যারেজ এলাকায় পৌঁছালে কালনাগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই নুরজাহান বেগম নিহত হন। আহত হন পাঁচ জন।
আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্য আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু বলেন, নিহতদের মরদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
নড়াইল জেলা প্রতিনিধি 























