চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি :
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আলমসাধুর ধাক্কায় রিপন হোসেন (৫০) নামে এক পাখিভ্যানচালক নিহত হয়েছেন।
শনিবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার সন্তোষপুর সড়কের দেহাটি শাহা ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন হোসেন উপজেলার সন্তোষপুর গ্রামের ব্রিজপাড়া এলাকার মহিউদ্দিনের ছেলে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, শনিবার সকালে রিপন হোসেন নিজ বাড়ি থেকে পাখিভ্যান নিয়ে আন্দুলবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। পথে দেহাটি শাহা ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধু তার পাখিভ্যানকে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
ওসি আরও জানান, নিহতের পরিবারের সদস্যরা এ ঘটনায় মামলা করতে আগ্রহ প্রকাশ করেননি। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি 



















