বিনোদন ডেস্ক :
দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ, আরণ্য নাট্যদলের সিনিয়র অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সদস্য দিলু মজুমদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২০ মে) রাত আনুমানিক ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দিলু মজুমদারকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
দীর্ঘ অভিনয়জীবনে মঞ্চ ও টেলিভিশন কাজ করেছেন দিলু মজুমদার। লম্বা সময় ধরে জনপ্রিয় নাট্যদল ‘আরণ্যক’-এর সঙ্গে যুক্ত ছিলেন। দলটির একাধিক আলোচিত ও প্রশংসিত প্রযোজনায় তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। মঞ্চের পাশাপাশি অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকপ্রিয়তা লাভ করেন। তিনি দেশের অভিনয়শিল্পীদের পেশাজীবী সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’-এর একজন সম্মানিত সদস্য ছিলেন।
দিলু মজুমদারের আকস্মিক প্রয়াণের খবরে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহশিল্পী, নাট্যনির্মাতা ও সংস্কৃতিকর্মীরা সামাজিক মাধ্যমে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন।
এক শোকবার্তায় অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
বিনোদন ডেস্ক 
























