বিআরটিএর ইঞ্জিনিয়ারিং শাখার পরিচালক মো. শহিদুল্লাহ বলেন, অনেক বাস প্রথমে সাধারণ একতলা বাস হিসেবে নিবন্ধিত হয়েছিল। পরে মালিকপক্ষ কাঠামো পরিবর্তন করে সেগুলো স্লিপার কোচে রূপান্তর করেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিদেশ থেকে আমদানি করা অনেক চেসিস একতলা বাস তৈরির উপযোগী। পরে স্থানীয় গ্যারেজ বা বডি নির্মাতা প্রতিষ্ঠানে কাঠামো পরিবর্তন করে এসব চেসিসে স্লিপার কিংবা ডাবল ডেকার কোচ তৈরি করা হচ্ছে।
পরিবহন ও দুর্ঘটনা বিশেষজ্ঞ ড. হাদিউজ্জামান বলেন, কাঠামো পরিবর্তনের ফলে চেসিস, সাসপেনশন ও ব্রেকিং ব্যবস্থায় অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। অনুমোদনহীনভাবে গ্যারেজে কাঠামো পরিবর্তন হলে সড়কে ওঠার আগেই তা শনাক্ত করা গেল না কেন—সেই প্রশ্নও তোলেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ, রাজধানীর গাবতলী, আমিনবাজার, মানিকনগর ও যাত্রাবাড়ী এলাকায় দীর্ঘদিন ধরে স্লিপার কোচের কাঠামো তৈরি ও পরিবর্তন করা হচ্ছে।
গত ১৯ আগস্ট যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে অনুমোদনহীন স্লিপার কোচের কাঠামো তৈরি ও অবৈধ গ্যারেজ পরিচালনার অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
এর আগের দিন গাবতলী, আমিনবাজার ও মানিকনগরের ১০ থেকে ১২টি গ্যারেজ পরিদর্শন করে চারটিকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আটটি গাড়ি ডাম্পিং, দুটি স্লিপার বাস জব্দ এবং একটি গ্যারেজ সিলগালা করা হয়।
অন্যদিকে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর প্রশ্ন, নিবন্ধনের সময় বাস একতলা থাকলে পরে কাঠামো পরিবর্তনের বিষয়টি ফিটনেস পরীক্ষায় ধরা পড়ল না কেন। পরিবর্তিত কাঠামো নিয়ে রুট পারমিট কীভাবে নবায়ন হলো, তারও জবাব প্রয়োজন।
স্লিপার কোচের বৈধতা নিয়ে ২০২৫ সালে হাইকোর্টে রিট করেন আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান। গত ২০ আগস্ট শুনানিতে বিআরটিএ আদালতকে দেশে ৮২৯টি অবৈধ স্লিপার বাস চলাচলের তথ্য জানায়।
এর ধারাবাহিকতায় গতকাল আদালত বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা দেন।
সাম্প্রতিক কয়েকটি দুর্ঘটনায় স্লিপার কোচের নিরাপত্তা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে। ৯ জানুয়ারি মিরসরাইয়ে ট্রাকের পেছনে স্লিপার কোচের ধাক্কায় তিনজন নিহত হন। মার্চে বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় নিহত হন দুজন। ১৭ আগস্ট দাউদকান্দিতে একটি স্লিপার কোচে আগুন ধরে যায়। আর ৪ সেপ্টেম্বর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার বাস পুকুরে পড়ে ১৫ জন আহত হন।
নিজস্ব প্রতিবেদক 






















