স্পোর্টস ডেস্ক :
ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট! দীর্ঘ ১৭ বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে আগামী ২০২৭ সালের মে মাসে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। ঐতিহ্যবাহী ‘হোম অব ক্রিকেট’ খ্যাত লন্ডনের লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক একটি (একমাত্র) টেস্ট ম্যাচে মাঠে নামবে টাইগাররা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক সূচির অংশ হিসেবে এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।
সেই সূচি অনুযায়ী, বাংলাদেশ পুরুষ দল খেলবে একটি টেস্ট ম্যাচ, আর নারী দল অংশ নেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে।
বাংলাদেশ পুরুষ দল ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। ম্যাচটি শুরু হবে ২০২৭ সালের ২৮ মে এবং চলবে ১ জুন পর্যন্ত। ২০১০ সালের পর এই প্রথম ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশকে টেস্টে আতিথ্য দেবে ইংল্যান্ড।
এর আগে সবশেষ ২০১০ সালে লর্ডসে টেস্ট খেলেছিল বাংলাদেশ। ওই ম্যাচে সেঞ্চুরি করে অনার্স বোর্ডে নাম লেখান বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল। যদিও ৮ উইকেটে ম্যাচটি জিতেছিল ইংলিশরাই।
বাংলাদেশ নারী দল এখনও ইংল্যান্ডে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পায়নি। সেটির অবসানও হচ্ছে আগামী বছর। লর্ডসে খেলার সুযোগ পাচ্ছেন তারাও।
সফরের শেষ ভাগে ইংল্যান্ড নারী দলের বিপক্ষে ছয় ম্যাচের সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৮ সেপ্টেম্বর নর্দাম্পটনে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে টন্টন ও ওরচেস্টারে।
এরপর ১৭ সেপ্টেম্বর হোভে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ম্যাচ ২১ সেপ্টেম্বর ক্যান্টারবারিতে এবং শেষ ওয়ানডে ২৪ সেপ্টেম্বর চেমসফোর্ডে অনুষ্ঠিত হবে।
সূচি প্রকাশের পর ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গুল্ড বলেন, বাংলাদেশ পুরুষ দলকে লর্ডসে একমাত্র টেস্টের জন্য স্বাগত জানাতে আমরা রোমাঞ্চিত। ২০১০ সালের পর এই প্রথম নিজেদের মাটিতে টেস্টে বাংলাদেশের মুখোমুখি হব। একই সঙ্গে বাংলাদেশ নারী দলকেও একটি হোয়াইট-বল সিরিজের জন্য আতিথেয়তা জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।
বাংলাদেশ পুরুষ দলের সূচি
ইংল্যান্ড-বাংলাদেশ
২৮ মে-১ জুন : একমাত্র টেস্ট, লর্ডস, লন্ডন
ইংল্যান্ড নারী দল – বাংলাদেশ নারী দল
টি-টোয়েন্টি সিরিজ-
৮ সেপ্টেম্বর : প্রথম টি-টোয়েন্টি, নর্থ্যাম্পটন
১০ সেপ্টেম্বর : দ্বিতীয় টি-টোয়েন্টি, টনটন
১২ সেপ্টেম্বর : তৃতীয় টি-টোয়েন্টি, উরচেস্টার
ওয়ানডে সিরিজ-
১৭ সেপ্টেম্বর: প্রথম ওয়ানডে, হোভ
২১ সেপ্টেম্বর: দ্বিতীয় ওয়ানডে, ক্যান্টারবুরি
২৪ সেপ্টেম্বর: তৃতীয় ওয়ানডে, চেমসফোর্ড
স্পোর্টস ডেস্ক 
























