নিজস্ব প্রতিবেদক :
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কথিত গোপন ফোনালাপের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পায়নি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি অভিযোগ ওঠে, চলতি বছরের মে মাসে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানকালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ বিষয়ে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়কে কোনো তথ্য জানিয়েছে কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ ইসলাম বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো নির্দিষ্ট খবর পায়নি। যদি বিষয়টি সত্য হয়ে থাকে, তাহলে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখবে। সরকারও এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করবে।
তিনি বলেন, কোনো রাষ্ট্রীয় বিষয়ে তথ্য পাওয়া গেলে তা যথাযথ প্রক্রিয়ায় যাচাই করা হবে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত সার্জিও গর আগামী সপ্তাহের শেষ দিকে ঢাকা সফরে আসছেন। তার সফরে মধ্যে দিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও সুগম হবে বলে আশা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময়ই ভালো রয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে সরকার এখন প্রতিষ্ঠিত, সেই বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও বেশি জোরদার হচ্ছে এবং হবে। যুক্তরাষ্ট্রের যেকোনো প্রতিনিধি এদেশে সফরে এলে আমরা মনে করি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর করবে। আমরা আশা করি, এ সফরের মধ্য দিয়ে আরও নতুন কিছু বেরিয়ে আসবে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বহুপাক্ষিক সম্পর্ক রয়েছে, সেগুলো আরও সুগম হবে। আমাদের বাণিজ্যিক সম্পর্ক, মানুষে মানুষে যোগাযোগ সব আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, সেগুলো নিয়ে আলোচনা হবে বলে আমি মনে করি।
বাংলাদেশি পাসপোর্টের মানের কোনও অবনমন হয়নি বলে দাবি করে শামা ওবায়েদ ইসলাম বলেন, ভিসা সমস্যার সঙ্গে অবৈধ পথে বিদেশ যাওয়া সম্পর্কিত।
সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশি পাসপোর্টের মানের কোনও অবনমন হয়নি। আমরা সাড়ে ৪ মাস হয়েছে সরকার গঠন করেছি। এর আগের থেকেই ভিসার সমস্যাগুলো বিশেষ করে আমাদের যারা বাংলাদেশি ভাইয়েরা যেসব যেসব দেশগুলোতে তারা কর্মরত আছে, সেসব দেশে যেমন- আরব আমিরাত, মালয়েশিয়া; এসব দেশগুলোতে ভিসা বন্ধ আছে।’
ভিসা বন্ধ থাকার বিভিন্ন কারণ আছে উল্লেখ করে তিনি বলেন, ‘এগুলো নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জরুরি ভিত্তিতে স্বরাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে গত দুই তিন সপ্তাহের মধ্যে আমরা একাধিকবার মিটিং করেছি।’
ভিসা সংক্রান্ত ব্যাপারগুলো কীভাবে সমাধান করা যায়, তা নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী।
ভিসা বাতিলের কারণ হিসেবে উদাহরণ তুলে ধরে তিনি বলেন, অনেক সময় বাংলাদেশিরা বৈধপথে বিদেশে যেতে না পেরে অবৈধ উপায় অবলম্বন করেন। এক্ষেত্রে অনেকেই বিভিন্ন দালাল চক্রের খপ্পরে পড়েন, তাদের ডকুমেন্টসগুলো সবসময় অরিজিনাল থাকে না। এরকম উদাহরণ আছে।
সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনায় এসব সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে, যাতে ভিসা সমস্যা দ্রুত সমাধান করা যায় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘ইউরোপিয়ান ইউনিয়ন, আমাদের মধ্যপ্রাচ্য এবং বিভিন্ন দেশগুলোতে যে ভিসার সমস্যাগুলো আছে, এই সমস্যার সমাধানে কিন্তু আমরা কাজ করছি; এগুলো একদিন যাবে না।’
নিজস্ব প্রতিবেদক 




















