রাজশাহী জেলা প্রতিনিধি :
স্থানীয় সরকার নির্বাচনে সারাদেশে বিএনপির একক প্রার্থী দেওয়া হবে, নাহলে বিজয় সুনিশ্চিত হবে না বলে জানিয়েন ভূমিমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান মিনু।
মঙ্গলবার (১ সেপ্টম্বর) সকালে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মিজানুর রহমান মিনু বলেন, বিএনপি বড় দল, যে কারণে নির্বাচনে দলের একাধিক ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। কিন্তু দল থেকে একজন প্রার্থী চূড়ান্ত করা হবে। জাতীয় নির্বাচনের মতো আমাদের জয়লাভ করে আসতে হবে।
ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, দলের পক্ষ থেকে একজন প্রার্থী হবে। এই একক প্রার্থী সব জায়গায় বাস্তবায়ন করা হবে, রাজশাহীতেও তাই হবে।
তিনি বলেন, বিএনপি নেতৃত্বকে সঠিক সম্মান দিতে জানে। একক প্রার্থী দিতে আমরা স্থানীয়ভাবে বসে ঠিক করব। আমাদের কাছে দেশ বড়, দল বড়।
মাদক জাতির শত্রু উল্লেখ করে তিনি বলেন, যারা মাদক নিয়ে আসছে, মূল সোর্স, তাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দিন। আমরা নতুন আইন তৈরি করেছি। যারা ভূমিদস্যু তাদের উৎখাত করা হবে। জনগণের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে। দেশে শন্তিশৃঙ্খলা সুনিশ্চিত করা হবে। কেউ মব সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।
এর আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বাটার মোড় থেকে শুরু হয়ে মালোপাড়া মণি চত্বর, জিরো পয়েন্ট হয়ে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়।
রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সংরক্ষিত মহিলা আসনের এমপি মাহমুদা হাবিবা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। এছাড়া জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী মহানগর বিএনপি। এর অংশ হিসেবে বিকেলে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
রাজশাহী জেলা প্রতিনিধি 
















